২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারেন মাশরাফি-শাহাদাত

আইডিয়া কাপ ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামতে পারেন মাশরাফি বিন মুর্তজা। ওই ম্যাচে খেলতে পারেন আরেক পেসার শাহাদাত হোসেনও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 05:02 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইডিয়া কাপ ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামতে পারেন মাশরাফি বিন মুর্তজা। ওই ম্যাচে খেলতে পারেন আরেক পেসার শাহাদাত হোসেনও। জাতীয় দলের কোচ জেমি সিডন্স শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'শেষ ম্যাচে ভারতের বিপক্ষে তিন সিমার খেলানো হবে। জয়ের সম্ভাবনা বাড়াতেই মাশরাফি এবং শাহাদাতকে খেলানোর কথা ভাবছি।' সেক্ষেত্রে একাদশ থেকে পেসার সৈয়দ রাসেলের বিদায় নিশ্চিত হলেও দুই স্পিনার আব্দুর রাজ্জাক অথবা নাঈম ইসলামের যে কোনো একজনকে দ্বাদশ ক্রিকেটারের ভুমিকা নিতে হবে বলেও জানিয়েছেন জেমি সিডন্স। মাশরাফি এবং শাহাদাতকে শেষ ম্যাচে খেলানোর আরো একটা উদ্দেশ্য আছে জাতীয় দলের প্রধান কোচের। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে দু'জনকেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ দেয়া। ২০০৯ সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি সাহাদাত। তবে 'এ' দলের হয়ে ভারত সফর করেছিলেন গতবছরের শেষ দিকে। অন্যদিকে একই বছরের ১১ জুলাই চোট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে বাধ্য হন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ত্রিদেশীয় সিরিজে তার খেলার কথা থাকলেও আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো শারীরিক আবস্থা ফিরে না পাওয়ায় শেষ পর্যন্ত ১৫ সদস্যের স্কোয়াডেও রাখা হয়নি তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৩৩ ঘ.