ঢাকা, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা (১১৮* রান) ও মাহেলা জয়াবর্ধনের (১০৮ রান) ঝড়ো সেঞ্চুরির সুবাদে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য কাঙ্খিত ২৫০ রানের লক্ষ্য টপকে ২৫২-তে পৌঁছে যায় শ্রীলঙ্কা ৪২.৫ ওভারে, এক উইকেট হারিয়ে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করে ৯ উইকেটে ২৪৯ রান।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় আইডিয়া কাপের চতুর্থ ম্যাচে শুক্রবার জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে রানের বন্যা বইয়ে দেন থারাঙ্গা ও জয়াবর্ধনে। আর সেই বন্যায় স্রেফ ভেসে যান বাংলাদেশের বোলাররা। অধিনায়ক সাকিব আল হাসান নিজেকে নিয়ে আট বোলার (সৈয়দ রাসেল, রুবেল হোসেন, নাইম ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল) ব্যবহার করেন। কিন্তু কেউই কোনো সুবিধা করতে পারেননি। ব্যাটসম্যানদের বেঁধে রাখতে যেমন পারেননি, তেমনি পারেননি উইকেটও নিতে, ব্যতিক্রম কেবল নাইম ইসলাম। তাও উইকেটটি নেন তিনি শ্রীলঙ্কার তরী ঘাটে পৌঁছার ঠিক আগে আগে ২১৫ রানের মাথায়। উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়ার আগে মাহেলা জয়াবর্ধনে করেন ১০৮। ১১৭ বল খেলে ৪ মারেন ১৩টি। তিনি তার ক্যারিয়ারের ১২তম সেঞ্চরিতে পৌঁছান ১০৯ বলে।
জয়াবর্ধনে ফিরে গেলেও ব্যাট করে যেতে থাকেন থারাঙ্গা। দলকে জয় উপহার দিয়ে সাজঘরে ফেরার আগে আদায় করে নেন ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি। তিনি তার ১২৬ বলের হার না মানা ১১৮ রানের ইনিংসটি সাজান ১৮টি চার দিয়ে। অপর অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক কুমার সাঙ্গাকারা ১৪ বলে করেন ১৭।
এর আগে টস জিতে সাঙ্গাকারা বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান। শুরুতেই শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। দলীয় ৪৪ রানের মাথায় তামিমের আউট হওয়ার আগে রান তোলার হার ছিল ছয়েরও বেশি। কিন্তু ২১ রান করে তামিম সুরাজ রনদ্বিপের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লে রান তোলার হার কমে যায়। ২২ বল খেলে দু'টি চার ও একটি ছক্কা মারেন তিনি।
কিন্তু ৭৩ রানের মাথায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হলে বিপদে পড়ে বাংলাদেশ। আশরাফুল দ্বিতীয় রান নিতে গেলে থার্ডম্যান থেকে থিলান থুশারার থ্রো সরাসরি তার উইকেট ভেঙে দেয়। ঝাঁপিয়ে পড়েও নিজেকে রক্ষা করতে পারেননি আশরাফুল। ১৪ বল খেলে ১৩ রান করেন তিনি।
দলের রানের সঙ্গে মাত্র ১৫ রান যোগ হতেই ৮৮ রানের মাথায় ইমরুল কায়েসও (৪২) এলবিডব্লিউ হয়ে ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে এবার বোলার ছিলেন থিসারা পেরেরা। ইমরুল তার ৫৪ বলের ইনিংসটি সাজান চারটি ৪ ও একটি ছক্কা দিয়ে।
এ অবস্থায় হাল ধরে রকিবুল হাসান ও সাকিব বিপর্যয় কাটিয়ে দলকে এগিয়ে নেন খানিকটা। দলের রানের সঙ্গে ৭৭ যোগ করেন তারা। ১৬৫ রানের মাথায় থিসারা পেরেরার বলে রনদ্বিপের হাতে ধরা পড়ার আগে রকিবুল ৭১ বলে করেন ৪৩। কিন্তু ১৯৯ রানে থিলান থুশারার বলে সাকিব থারাঙ্গার হাতে ধরা পড়লে লড়াই করার মতো একটা স্কোর গড়ে তোলার আশা ফিকে হয়ে যায়। দলের রানের সঙ্গে মাত্র ১২ যোগ হতেই ২১১ রানে ফিরে যান মুশফিকুর রহিম (২২ বলে ৩২ রান)। সেই সঙ্গে আবারো বিপাকে পড়ে বাংলাদেশ। আর সেই পাঁক থেকে উঠে আসতে পারেনি, বরং নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ২২৩ রানে নাইম ইসলাম (৫), ২২৭ রানে আব্দুর রাজ্জাক (১) ও ২৩১ রানের মাথায় নবম উইকেটের (রুবেল হোসেন) পতন ঘটলে বাংলাদেশ পুরো ৫০ ওভার খেলতে পারবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দেয়। কেননা তখনও বাকি ছিল ৩ ওভার ২ বল। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ও সৈয়দ রাসেল এই ২০ বলে ১৮ রান করলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ২৪৯। মাহমুদুল্লাহ ২৪ বলে ২৪* ও সৈয়দ রাসেল ৭ রানে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন পেরেরা, রনদ্বিপ ও নুয়ান কুলাসেকারা। তাদের মধ্যে সবচেয়ে কম ৩২ রান দিয়েছেন পেরেরা। এছাড়া রনদ্বিপ ৪০ ও কুলাসেকারা দেন ৪৮ রান।
বাংলাদেশ মাঠে নামিয়েছিল আগের ম্যাচের দলই।
তবে পরিবর্তন আনা হয়ছিল শ্রীলঙ্কা দলে। বিশ্রাম দেয়া হয় চানাকা ওলেগেদারা ও সুরাঙ্গা লাকমালকে। মাঠে নামানো হয় অভিজ্ঞ মাহেলা জয়াবর্ধনে, মালিঙ্গা বান্দারা ও নুয়ান কুলাসেকারাকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেললেও ভারতের বিপক্ষে কুলাসেকারাকে মাঠে দেখা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২০৫ ঘ.
bdnews24