২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথ স্বপ্ন দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকাকে

দক্ষিণ আফ্রিকার ২৯১ রানের জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট ২৭৩ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 06:30 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

কেপটাউন, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দক্ষিণ আফ্রিকার ২৯১ রানের জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট ২৭৩ রানে। এ পর্যন্ত জমজমাট ম্যাচের ইঙ্গিত দেখা গেলেও মঙ্গলবার গ্রায়েম স্মিথের হার না মানা ১৬২ এবং হাশিম আমলার ৯৫ রানের ইনিংস দু ইনিংস মিলিয়ে স্বাগতিকদের লিডটাকে নিয়ে গেছে ৩৩০ পর্যন্ত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩১২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে গ্রায়েম স্মিথের দল। লিডটাকে পাহাড়সমান করার জন্য এখনো হাতে রয়েছে ৮ উইকেট। এ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর আশা করতেই পারে দক্ষিণ আফ্রিকা! মঙ্গলবার ৭ উইকেটে ২৪১ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ডকে ২৭১-এ শেষ করে ইংল্যান্ডকে বড় এক ধাক্কা দিয়েছিলেন মরনে মরকেল আর ডেল স্টেইন। আগের দিনের স্কোরের সঙ্গে কোনো রান যোগ হওয়ার আগেই সোয়ানকে স্মিথের ক্যাচ বানান মরকেল। ঠিক পরের বলেই অ্যান্ডারসনকেও একইভাবে ফিরিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেট তো পেয়েছেনই, সঙ্গে পেয়েছিলেন হ্যাটট্রিক করার সুযোগও। হ্যাটট্রিক না হওয়ায় খুব বেশি আফসোস বোধহয় করবেন না মরকেল। কারণ, স্টেইন ইংল্যান্ডের এ ইনিংসের সর্বোচ্চ স্কোরার প্রায়রকে (৭৬) বোল্ড করে ১৮ রানে এগিয়ে রাখেন দলকে। তারপর শুরুর দিকেই এবি ডিভিলিয়ার্সকে হারানোর ধাক্কা ভুলিয়ে দিতে স্মিথ-আমলার ২৩০ রানের জুটি। অষ্টম টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে আমলা সোয়ানের দ্বিতীয় শিকার হলেও অধিনায়কের ব্যাটের চাবুক এখনো চলছে। দেখা যাক চতুর্থ দিনেও কতক্ষণ চলে ব্যাট হাতে স্মিথের বোলারদের শাস্তি দেয়া, শাস্তি দিতে দিতে নিজের ১৯তম সেঞুরিটাকেইবা কত দূর নিয়ে যেতে পারেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/০০০৭ ঘ.