ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ এবং বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে বিরলা গ্র"পের প্রতিষ্ঠান 'আইডিয়া'। তাই ওয়ানডে টুর্নামেন্ট এবং টেস্ট সিরিজের নাম হতে যাচ্ছে আইডিয়া কাপ ২০১০।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার এক সংবাদ সম্মেলনে জানায়, দুটি সিরিজের স্পন্সরস্বত্ত্ব বিক্রি হয়েছে ৫ কোটি ৭৮ লাখ ৫২০০ টাকায়। এছাড়াও বিভিন্ন পুরস্কারের জন্য অতিরিক্ত ৩৭ লাখ টাকা পাওয়া যাবে টাইটেল স্পন্সরের কাছ থেকে।
মার্কেটিং এসেন্সি অ্যাডটাচ ৫ কোটি ৭৮ লাখ ৫২০০ টাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে স্পন্সরস্বত্ত্ব কিনে নেয়। এরপর অ্যাডটাচ প্রথম প্যাকেজ টাইটেল স্পন্সর বিক্রি করে 'আইডিয়া'র কাছে। দ্বিতীয় প্যাকেজ মাঠের ভেতরে পেরিমিটার বোর্ড এবং বিজ্ঞাপন স্বত্ত্ব কেনে একাধিক প্রতিষ্ঠান।
বিসিবির মার্কেটিং বিভাগের প্রধান আজিজ আল কায়সার টিটো সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ না থাকলেও ত্রিদেশীয় সিরিজ দিয়ে বড় অঙ্কের মুনাফা অর্জন করবে বিসিবি।
যদিও প্রত্যাশা অনুযায়ী দুটি সিরিজের স্পন্সর স্বত্ত্ব বিক্রি করতে পারেনি বিসিবি। ১৬ লাখেরও বেশি মার্কিন ডলারে দরপত্র আহবান করলে শেষ পর্যন্ত তা বিক্রি হয় অর্ধেক টাকায়। এ বিষয়ে আজিজ আল কায়সার টিটোর ব্যাখ্যা,'অর্থনৈতিক মন্দার কারণেই প্রত্যাশা অনুযায়ী টাকা পাওয়া যায়নি। এছাড়া মার্কেটে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান কম হওয়ায় বেশি টাকা দিয়ে কেউই প্যাকেজ কিনতে চায় না।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০২৪ ঘ.
bdnews24