ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগেই সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। তাই একেবারে নির্ভার হয়ে খেলছে। কিন্তু পাকিস্তানের মতো মোটেও নির্ভার নয় অস্ট্রেলিয়া। সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে 'প্রায়' শব্দটা রয়েই গেছে তাদের সামনে। এই শব্দটি তুলে ফেলার জন্য মরিয়া হয়ে খেলছে তারা। এর সুফলও পেয়েছে। অসি বোলারদের আটোসাটো বোলিং-এর মুখে ৫০ ওভারে পাকিস্তানি ব্যাটসম্যানরা রান তুলেছে ৬ উইকেটে ২০৫। জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ২০৬। এই লক্ষ্য তাড়া করতে নেমে অত্যন্ত দ্রুতগতিতে রান তুলছে অস্ট্রেলিয়া। ৫ ওভারে কোন উইকেট না হারিয়ে রান করেছে ৩৫।
উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ১৮ ও টিম পেইন ১৫ রানে অপরাজিত রয়েছেন।
দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে বুধবার এ গ্র"পের ম্যাচে অস্ট্রেলিয়া টস জিতে ফিল্ডিং নেয়। অধিনায়ক রিকি পন্টিং আশা করেছিলেন তার তিন পেসার ব্রেট লি, পিটার সিডল ও মিচেল জনসন উইকেট থেকে প্রথম দিকে সুইং আদায় করে নিতে পারবেন। কিন্তু পন্টিং যতটা সুবিধা আশা করেছিলেন ততোটা সুবিধা আদায় করতে পারেননি তার তিন পেসার। তবে উইকেট নিতে না পারলেও অন্তত রানের গতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।
উদ্বোধনী ব্যাটসম্যান আফ্রিদি (১৫) দলীয় ৩০ রানের মাথায় বিদায় নিলেও অপর উদ্বোধনী ব্যাটসম্যান কামরান আকমল ও অধিনায়ক ইউনিস খান ৪৫ রানের জুটি গড়ে তোলেন। শেন ওয়াটসনের বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ৪৪ রান করেন কামরান আকমল। ৬৩ বল খেলে দড়ির ওপারে বল পাঠান ছয়বার।
দলীয় ১৮৬ রানের মাথায় ব্রেট লির বলে আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন মোহাম্মদ ইউসুফ। দলের রানের সঙ্গে আর মাত্র ১২ রান যুক্ত হওয়ার পরই ৪১ রান করে শেন ওয়াটসনের বলে হিট উইকেট হন মিসবাহ-উল-হক।
এর আগে মোটেও সুবিধা করতে পারেননি অধিনায়ক ইউনিস খান। দলীয় ৮৯ রানের মাথায় আউট হওয়ার আগে রান করেন ১৮। অথচ বল খেলেছেন অনেকগুলো, ৪৯টি।
শোয়েব মালিক ২৭ রান করে মিচেল জনসনের বলে অধিনায়ক রিকি পন্টিং-এর হাতে ধরা পড়ে দলীয় ১২৩ রানের মাথায় বিদায় নেন।
অস্ট্রেলিয়ার পক্ষে দু'টি করে উইকেট নেন জনসন ও ওয়াটসন। এছাড়া ব্রেট লি ও জেমস হোপস একটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯০০ ঘ.
bdnews24