ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান অধিনায়ক ইউনিস খান খেলোয়াড় সমিতি গঠনের ইচ্ছার কথা ঘোষণা করেছিলেন কয়েকদিন আগেই। এজন্য ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এফআইসিএ) প্রধান টিম মে'র সঙ্গে আলোচনাও করেছিলেন। কিন্তু খেলোয়াড় সমিতির টিকে থাকা নিয়ে সন্দেহ পোষণ করেন সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ক্রিকেটাররা কেউ কাউকে বিশ্বাস করেন না।
আকরাম মনে করেন শুধু পাকিস্তানের জন্য নয়, ভারতের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। তিনি বলেন, "ভৌগলিকভাবে আলাদা হলেও আমাদের চিন্তাধারা একই রকম।"
"ক্রিকেটাররা কেউ কাউকে বিশ্বাস করেন না। আমার মনে হয় এ কারণেই খেলোয়াড় সমিতি টিকে থাকবে না," বলেন তিনি।
ইউনিস খানের আগে মাজিদ খান ১৯৮০-এর দশকে প্রথমবারের মতো খেলোয়াড় সমিতি গঠনের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ভেস্তে যায় সবকিছু। একই সময়ে ভারতীয়রা সমিতি গঠন করলেও শেষ পর্যন্ত তা পাকিস্তানের পথ ধরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০০৬ ঘ.
bdnews24