২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের ব্যাটিং দুর্বলতায় দ্বিতীয় ম্যাচও অস্ট্রেলিয়ার

মারকুটে ব্যাটসম্যানের অভাবে রোববার লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের ম্যাচেও সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে হার মেনেছে স্বাগতিক ইংল্যান্ড। ফলে সাত ম্যাচের একদিনের সিরিজে ২-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 06:00 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

লন্ডন, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--মারকুটে ব্যাটসম্যানের অভাবে রোববার লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের ম্যাচেও সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে হার মেনেছে স্বাগতিক ইংল্যান্ড। ফলে সাত ম্যাচের একদিনের সিরিজে ২-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। টসে হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়ে ২৪৯ রানের পুঁজি গড়ে। কিন্তু জবাব দিতে নেমে স্বাগতিকরা অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে ২৩ বল বাকি থাকতেই ২১০ রানে অলআউট হয়ে যায়। ফলে ৩৯ রানের জয় হয় অস্ট্রেলিয়ার। অসি পেসার মিচেল জনসনের মাত্র ২৩ বলে ৪৩ রানের মারকুটে ইনিংস মূলত দু' দলের মধ্যে ব্যবধান গড়ে দেয়। যদিও ইংল্যান্ড শুরুটা ভালোই করেছিল। উদ্বোধনী ব্যাটসম্যান এন্ড্রু স্ট্রস ও রবি বোপারা স্কোর বোর্ডে ৭৪ রান জমা দেওয়ার পর প্রথম উইকেট খোয়ায় স্বাগতিকরা। বোপারা ব্যক্তিগত ২৭ রানে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন। এরপরই মূলত ধ্বস নামে ইংল্যান্ডের ব্যাটিং লাইনে। মাত্র ৩১ বলে ফিরে যান চার জন ব্যাটসম্যান। ম্যাট প্রায়র মাত্র এক রানে উইকেট রক্ষক পেইনের তালুবন্দি হন। এন্ড্রু স্ট্রস ৪৭ রান করে রিটার্ন ক্যাচ দেন অসি স্পিনার নাথান হওরিজকে এবং ওয়াইজ শাহ এ ম্যাচেও রানআউটের ফাঁদে পড়েন কলিংউডের সঙ্গে ভুল বোঝাবুঝিতে। এরপর পল কলিংউড লড়াই চালিয়ে গেলেও তাকে কেউই প্রয়োজনীয় সঙ্গ দিতে না পারায় পরাজয়ের বৃত্তেই থেকে যায় ইংল্যান্ড। কলিংউড ৮৪ বলে ৫৬ রান করে ব্রেট লির বলে বোল্ড হয়ে যান। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে যাওয়া অস্ট্রেলিয়া শুরুটা ভালোই করেছিল। উদ্বোধনীতে জুটিতে ৬২ রান আসে। ওয়াটসন ৩৪ রানে ব্রেসনানের বলে রাইটের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরার পরের ওভারে পেইনও ২৬ রান করে সাজঘরে ফেরেন। অধিনায়ক মাইকেল ক্লার্ক (৪) অল্প রানে সাজঘরে ফিরে গেলে অস্ট্রেলিয়া মাত্র ৭৩ রানে ৩ উইকেট খুইয়ে ফেলে। সেখান থেকে অস্ট্রেলিয়াকে টেনে তোলার কাজটি করেন মূলত গত ম্যাচের ভালো করা ক্যামেরন হোয়াইট এবং গত ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ক্যালাম ফার্গুসন। হোয়াইট ৬৬ বলে ৪২ রান এবং ফার্গুসন ৫৮ বলে ৫৫ রানের দু'টি কার্যকরী ইনিংস খেলেন। শেষ দিকে এসে মিচেল জনসন অবশ্য সবাইকে ছাড়িয়ে যান। মাত্র ২৩ বল খেলে ৫টি চারের মার মেরে ৪৩ রানে অপরাজিত থাকলে ২৪৯ রানের পুঁজি জোটে অস্ট্রেলিয়ার। বল হাতেও জনসন ২ উইকেট তুলে নেওয়ায় ম্যাচ সেরার পুরস্কারটি তারই হয়ে যায়। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ২৪৯/৮(ফার্গুসন ৫৫, জনসন ৪৩, ক্যামেরন ৪২; শন ৩১/২, রাইট ৫২/২) ইংল্যান্ড: ২১০(কলিংউড ৫৬, স্ট্রস ৪৭, বোপারা ২৭; লি ২২/২, ব্র্যাকেন ৩৭/২) ফলাফল: অস্ট্রেলিয়া ৩৯ রানে জয়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসএইচ/এসকে/২৩৫৫ঘ.