ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লক্ষ্য থেকে এখনও অনেক পেছনে অস্ট্রেলিয়া। বলতে গেলে সিরিজ নির্ধারণী ম্যাচ ইংল্যান্ডেরই নিয়ন্ত্রণে। স্বগতিকদের ছুঁড়ে দেওয়া ৫৪৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন চা বিরতি পর্যন্ত ৫ উইকেটে ২৬৫ করেছে সফরকারী দল।
বিনা উইকেটে ৮০ রান নিয়ে রোববার ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। মাত্র ছয় রান যোগ হতেই সোয়ানের বলে এলবিডব্লিউ হন সায়মন ক্যাটিচ (৪৩ রান)। এরপরই ব্রডের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন (৪০)।
তৃতীয় জুটিতে অধিনায়ক রিকি পন্টিং এবং মাইক হাসি দলকে নিয়ে যান ২১৭ রানে। তাদের জুটি থেকে আসে ১২৭। ব্যক্তিগত ৬৬ করে রান-আউট হন পন্টিং। ক্লার্ক শূন্য এবং নর্থ ১০ রানে ফিরে গেলে অস্ট্রেলিয়ার রানের গতি কমে আসে। চা বিরতির সময় ৭৭ রানে অপরাজিত ছিলেন মাইক হাসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২১৮ ঘ.
bdnews24