লিডস, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এগিয়ে থেকে পিছিয়ে পড়তে কে চায়। ইংল্যান্ডও চায় না। তাই অ্যাসেজ সিরিজের পঞ্চম ম্যাচে মরিয়া হয়ে মাঠে নামছে তারা। সেজন্য ওভাল টেস্টে দলেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। শক্তিশালী করে তোলা হতে পারে টপ-অর্ডার ব্যাটিং লাইনআপ।
ইংলিশ কোচ অ্যান্ডি ফ্লাওয়ার নিজেই জানিয়েছেন একথা। তিনি বলেন, "চতুর্থ টেস্টে হতাশাজনক পারফরমেন্সের পর টপ অর্ডার ব্যাটিংকে আরো শক্তিশালী করে তোলার চিন্তাভাবনা করা হচ্ছে।"
ইংল্যান্ডের তিন, চার ও পাঁচ নম্বর ব্যাটসম্যান রবি বোপারা, ইয়ান বেল ও পল কলিংউড হেডিংলি টেস্টে মাত্র ১৬ রান করেছেন। বেল ও কলিংউড ততটা সমালোচনার কবলে না পড়লেও বোপারার ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। অথচ এ বছরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরপর তিনটি সেঞ্চুরি করেন। এতে মনে হচ্ছিল দলে তার স্থান পাকা হয়ে গেছে।
এ প্রসঙ্গে ফ্লাওয়ার বলছেন, কঠিন সময় যাচ্ছে রবি বোপারার।
হেডিংলি টেস্টের ১৪জনের দলে জোনাথন ট্রটকে নেওয়া হলেও ১১জনের দলে তার স্থান হয়নি। তবে আগামী সপ্তাহে বোপারার বদলে তার জায়গা হতে পারে ওভালে। কোচও বলছেন সে কথা, "ট্রট এখন খুব ভাল ফর্মে আছেন। আমি, স্ট্রাউস ও নির্বাচকরা তাকে দলে নেওয়ার কথা ভাবছি।"
হেডিংলি টেস্ট হেরে ইংল্যান্ড মোটেও আতঙ্কিত নয়। এ প্রসঙ্গে ফ্লাওয়ার বলছেন, "ভালো খেললেই আমরা জিতবো। লর্ডসে আমরা ২০টি উইকেট ঠিকই তুলে নিয়েছি।"
অ্যান্ড্রু ফ্লিনটফও সুস্থ হয়ে ইংল্যান্ড দলে ফিরবেন বলে আশাবাদী কোচ।
লর্ডস টেস্ট জিতে ইংল্যান্ড এগিয়ে যায় ১-০ ম্যাচে। হেডিংলিতে অস্ট্রেলিয়া জিতে সমতা ফিরে আনে সিরিজে। ফলে আক্ষরিক অর্থেই ওভাল টেস্ট পরিণত হয়েছে বাঁচা-মরার লড়াইয়ে, দু'দলের জন্যই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১১ ঘ.
bdnews24