করাচী, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কলম্বোর যে হোটেলে পাকিস্তানী ক্রিকেটাররা রয়েছেন সেই হোটেলের একই তলায় বাজিকররাও আছেন বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড সন্দেহ করছে।
এরই মধ্যে একথা তারা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকেও জানিয়েছে।
পিসিবির প্রধান অপারেটিং অফিসার সেলিম আলতাফ রয়টার্সকে বলেন, শ্রীলংকায় অবস্থানরত আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের এক প্রতিনিধি বিষয়টি খতিয়ে দেখছেন।
"তিনি অবশ্যই আইসিসির কাছে এ ব্যাপারে প্রতিবেদন পেশ করবেন। আমার মনে হয় এজন্য বেশ কিছু সময় লাগবে। আমরা সেই প্রতিবেদনের অপেক্ষায় আছি," বলেন তিনি।
পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে। একদিনের ম্যাচের প্রথম তিনটি হেরে এরই মধ্যে সিরিজ খুইয়ে বসে আছে। বাকি রয়েছে এখনও দু'টি ম্যাচ।
দলের এই পারফরমেন্সে পাকিস্তানীরা হতবাক হয়ে পড়েছে। কেননা কিছুদিন আগেই তারা টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় উদ্যাপন করে।
আইসিসির মুখপাত্র ব্রায়ান মুরগ্যাটরোরড বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট এ ব্যাপারে সজাগ রয়েছে।
বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯১৯ ঘ.
bdnews24