ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ফেবারিটের তকমা নিয়েই রোববার ডোমিনিকার উইন্ডসর পার্ক স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নামছে সফরকারী বাংলাদেশ। এই প্রথম ডোমিনিকায় প্রথম কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে।
বাংলাদেশ দলে ঢুকেছে তিন নতুন মুখ পেসার সৈয়দ রাসেল, অলরাউন্ডার নাইম ইসলাম এবং বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক।
টেস্ট সিরিজে উইন্ডিজ দলকে ২-০ হোয়াইটওয়াশ করে এমনিতেই এগিয়ে আছে বাংলাদেশ। সেইসঙ্গে বিভিন্ন বড় টুর্নামেন্টে জায়ান্ট কিলার হিসাসে টাইগারদের খ্যাতি তাদের পরিষ্কারভাবেই এ সিরিজে এগিয়ে রাখছে। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের মূল খেলোয়াড়রা ওয়ানডে সিরিজেও না থাকায় বাড়তি সুবিধাও পাচ্ছে সফরকারীরা।
উইন্ডিজ তারকা ক্রিকেটাররা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার পর উইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের এখনও ওয়ানডে সিরিজের জন্য বিবেচনা করেনি। তবে ওয়ানডে সিরিজের দলে ছয় জন নতুন মুখ আছে।
চলতি সফরে বাংলাদেশ দলের বেশ কিছু ক্রিকেটার দুরন্ত পারফরম্যান্স করে যাচ্ছে। টেস্ট সিরিজে তামিম ইকবালের সেঞ্চুরি, মাহমুদউল্লাহ রিয়াদের দারুণ অভিষেক এবং লোয়ার অর্ডারে মুশফিকুর রহীমের ধারাবাহিক ব্যাটিং সফরকারীদের এগিয়ে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। এর সঙ্গে ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসানের দুরন্ত পারফরম্যান্স বাংলাদেশের জন্য বিরাট প্লাস পয়েন্ট। তবে বলতেই হবে আশরাফুলের ভালো না খেলাটা বাংলাদেশ দলের জন্য চিন্তার বিষয় বৈকি।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কোচ জন ডাইসনের চাহিদা মোতাবেক গতিময় উইকেটই বানিয়েছে কিউরেটররা। ফলে পেসাররা উইকেট থেকে বাড়তি পেস এবং বাউন্স পাবে নিঃসন্দেহে। সেক্ষেত্রে স্পিনারদের জন্য পুরো উল্টো আচরণই প্রধান পিচ কিউরেটর রিচার্ড লিট্যাং।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দলে ছয় নতুন মুখের সমাবেশ ঘটেছে। ওপেনার হিসাবে দলে ডাক পেয়েছেন ডেভন স্মিথ এবং কেইরান পাওয়েল। আরও আছেন লেগ স্পিনার রাউল লুইস, উইকেট কিপার আন্দ্রে ফ্লেচার এবং ডেভন থমাস এবং ফাস্ট গ্যাভিন টঙ্গি। স্মিথ হয়তো পাওয়েল কিংবা ডেল রিচার্ডসের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ওপেন করতে পারেন। আর ফাস্ট বোলার প্যাসকেল টিনো বেস্টের স্থলাভিষিক্ত হয়ে কেমার রোচের সঙ্গী হতে পারেন।
বাংলাদেশের ওয়ানডে দলে তিন নতুন মুখ স্থান পেয়েছে। এরা হচ্ছেন মিডিয়াম পেসার সৈয়দ রাসেল, অলরাউন্ডার নাইম ইসলাম এবং বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। গত বছরের ডিসেম্বরে রাজ্জাকের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হয়। তবে গত মার্চে রাজ্জাকের বোলিং অ্যাকশনকে আইসিসি বৈধতা দেওয়ায় তার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়। এদিকে তামিমের সঙ্গে মেহরাব জুনিয়রের ব্যাটিং ওপেন করার সম্ভাবনা থাকলেও জুনায়েদ সিদ্দিকীকেই সে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, রাকিবুল হাসান, সাকিব আল হাসান(অধিনায়ক), মুশফিকুর রহীম, নাইম ইসলাম, মাহমুদ উল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, সৈয়দ রাসেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমআই/১৫২০ ঘ.
bdnews24