ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় দেড় কোটি টাকা বোনাস পাবেন জাতীয় দলের ক্রিকেটাররা।
দেশে কিংবা বিদেশে ম্যাচ জিতলেই বোনাস দেয়া হয়। এবার প্রত্যাশার চেয়ে বেশিই দেয়া হচ্ছে। দুই টেস্ট জেতায় এক কোটি ৩০ লাখ টাকা পাওয়ার কথা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি সিনা ইবনে জামালী মঙ্গলবার ২০ লাখ টাকা অতিরিক্ত বোনাস দেওয়ার কথা ঘোষণা করেন।
বিসিবি কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জেতায় ক্রিকেটার এবং দলের কর্মকর্তাদের অভিনন্দন জানান তিনি।
জামালী বলেন, "ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয়ে আমাদের দায়িত্বও বেড়ে গেছে। টেস্ট ক্রিকেটে যাতে সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকে সেদিকে মনোযোগ দিতে হবে। এ জন্য যা কিছু দরকার তার সবই করবো আমরা।"
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের অভিনন্দন জানান গ্রামীণ ফোনের মার্কেটিং কমিউনিকেশন্স বিভাগের প্রধান রুবাবাদৌলাও।
বাংলাদেশ দলের এই সাফল্যের ফলে তিনি তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভবিষ্যতেও ক্রিকেটের পৃষ্ঠপোষক হওয়ার প্রতিশ্র"তি দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির টিমঅপারেশন্স কমিটির প্রধন এনায়েত হোসেন সিরাজ, মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস ও বোর্ড পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২০০ ঘ.
bdnews24