২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটাই আমাদের সবচে' বড় অর্জন: সাকিব

২০০০ সালে টেস্ট খেলার মর্যাদা লাভের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের ঘটনাই বাংলাদেশের জন্য সবচেয়ে কৃতিত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক এবং সিরিজ জয়ের মূলনায়ক সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 06:51 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০০ সালে টেস্ট খেলার মর্যাদা লাভের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের ঘটনাই বাংলাদেশের জন্য সবচেয়ে কৃতিত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক এবং সিরিজ জয়ের মূলনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, "নয় বছরের মধ্যে এটাই বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় ঘটনা।" গ্রেনাডায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে দিয়ে ২-০ তে সিরিজ জেতা বাংলাদেশ দলের অধিনায়ক ক্রিকইনফোকে বলেন, "এ সিরিজ জয় আমাদের আত্মবিশ্বাসে দারুণ নাড়া দেবে এবং এটা আমাদের পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে।" সাকিব বলেন, "সোমবার তেমন কোনও চাপ ছিল না আমাদের ওপর। বিশেষ করে যখন সবাই দুর্দান্ত খেলছিল। এটা একটা দারুণ জয়।" দ্বিতীয় এবং শেষ টেস্টের দু' ইনিংস মিলিয়ে সাকিবের ঘূর্ণিযাদুতে কুপোকাৎ ৮ উইন্ডিজ ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন। আর ব্যাট হাতে সাকিবের ৯৭ বলে অপরাজিত ৯৬ রানের ইনিংস ছিল এক কথায় নজরকাড়া। চাপের মুখে অমন ব্যাটিং দেখে অভ্যস্ত নয় বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা। মাত্র ৬৭ রানে বাংলাদেশ দলের টপঅর্ডারের চার ব্যাটসম্যান সাজঘরে চলে যাওয়ার পর সাকিবের এমন নির্ভীক ব্যাটিং যে কোনও অবস্থাতেই প্রশংসার দাবিদার। সাকিবের এমন দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সের পর ম্যান অব দ্য ম্যাচের জন্য অন্য কাউকেই আর বিবেচনা করতে হয়নি বিচারকদের। তবে রাকিবুল হাসানের ৬৫ রানের ইনিংসও উল্লেখ করার মতো। পঞ্চম উইকেটে রাকিবুল-সাকিবের ১০৬ রানের জুটির ওপর ভর করেই মূলত বাংলাদেশ তাদের টেস্ট ক্যারিয়ারে তিন নম্বর টেস্ট জয়ের দেখা পায়। বাংলাদেশ এ পর্যন্ত ৬১ টেস্ট খেলেছে। দু' টেস্টেই ব্যাট হাতে ব্যর্থ উইন্ডিজ অধিনায়ক ফ্লয়েড রেইফার গ্রেনাডা টেস্টে নিজেদের পরাজয়ের টার্নিং পয়েন্ট হিসাবে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন। তিনি ক্রিকইনফোকে বলেন, "দ্বিতীয় ইনিংসে ম্যাচটি জেতার দারুণ সুযোগ ছিল আমাদের। কিন্তু আমরা খুব ভালো ব্যাট করতে পারিনি। আমরা বেশ ভালো করেই জানতাম যে ম্যাচ জেতার জন্য লড়িয়ে পুঁজি প্রায় ২৮০ রান। কিন্তু ওই রান আমরা প্রতিপক্ষকে টার্গেট হিসাবে দিতে পারিনি।" তিনি আরও বলেন, "২১৫ রান টার্গেট দিয়ে ম্যাচ জেতা খুবই কঠিন। ম্যাচ জেতার জন্য প্রতিপক্ষের একটা ভালো জুটির প্রয়োজন ছিল। তবে আমি মনে করি সামি খুব ভালো বল করেছে এবং দলের অন্য সবাই কঠোর পরিশ্রম করেছে। কিন্তু ম্যাচটি আসলেই কঠিন ছিল।" তবে বাংলাদেশের স্পিন আক্রমণই যে স্বাগতিকদের পরাজয়ে কাঁটা বিছিয়েছে, সে কথা পরিসংখ্যান দেখলেই টের পাওয়া যাবে। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ২০ উইকেটের ১৫টিই নিয়েছে স্পিনাররা। আর দ্বিতীয় টেস্টে সেটি বেড়ে দাঁড়িয়েছে ১৮টিতে। তাই উইন্ডিজ অধিনায়ক রেইফারও অস্বীকার করলেন না স্পিনে নিজেদের দুর্বলতার কথা। তিনি বলেন, "আমাদের প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেটেও স্পিনাররা প্রতি বছর সবচেয়ে বেশি উইকেট পায়। তাই আমাদের এখন ক্রিকেটারদের পাশাপাশি কোচ-কর্মকর্তাদেরও বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। কীভাবে স্পিন আরও ভালোভাবে খেলা যায়, সে পথও খুঁজে বের করতে হবে।" সামনেই শুরু হচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এবং একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ। রেইফার তাই টেস্টের অভিজ্ঞতা থেকে সামনে তাকাতে চান। তিনি বলেন, "টেস্ট সিরিজে আমাদের বহু ইতিবাচক দিক আছে, আমরা সেগুলো ওয়ানডে সিরিজে কাজে লাগাতে পারি। তাই আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে খেলেই ওয়ানডে সিরিজ জিততে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমআই/