২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে প্রথম টেস্ট সিরিজ জিতলো বাংলাদেশ

রেকর্ড গড়েই ছাড়লো বাংলাদেশ। একটি নয় দু'দুটি রেকর্ড করলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের পর সিরিজ জয়। আর এই সাফল্য এসেছে হোয়াইটওয়াশের মধ্য দিয়ে। সোমবার গ্রেনাডায় রকিবুলের ৬৫ ও অধিনায়ক সাকিরেব অপরাজিত ৯৬ রানে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারায় বাংলাদেশ। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 10:49 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রেকর্ড গড়েই ছাড়লো বাংলাদেশ। একটি নয় দু'দুটি রেকর্ড করলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের পর সিরিজ জয়। আর এই সাফল্য এসেছে হোয়াইটওয়াশের মধ্য দিয়ে। সোমবার গ্রেনাডায় রকিবুলের ৬৫ ও অধিনায়ক সাকিরেব অপরাজিত ৯৬ রানে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারায় বাংলাদেশ। এর আগে ২০০৫ সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১-০ তে টেস্ট সিরিজ জিতেছিল তারা। কেমার রোচ হয়তো অনেক দিন মনে রাখবেন বাংলাদেশ অধিনায়ক সাকিবকে। কারণ তার ওভারের শেষ বলেই ছয় মেরে জয় নিশ্চিত করেন সাকিব। আর রেকর্ড বই-এ তার নাম লেখা থাকবে সফল অধিনায়ক হিসেবে। তার নেতৃত্বেই বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। আরেকটি টেস্ট সিরিজের আগে শতভাগ সফল অধিনায়ক হিসেবেই কৃতিত্ব পাবেন এই অলরাউন্ডার। ম্যাচের শেষটা যত আনন্দের ছিল। শুরুটা ছিলো ঠিক তার উল্টো। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১৭ রান। অথচ দ্বিতীয় সেশনের শুরু থেকেই উইকেট হারাতে থাকে সফরকারীরা। ভুল শট আর রানের জন্য তাড়াহুড়ো করতে গিয়ে একেএকে ফিরে যান ইমরুল কায়েস (৮ রান), তামিম ইকবাল ( ১৮) জুনাইদ সিদ্দিকী (১৮) ও মোহাম্মদ আশরাফুল (৩)। বাংলাদেশের ইনিংসে প্রথম আঘাত হানেন কেমার রোচ। ইমরুলকে ফিরিয়ে দেন তিনি। কেমার রোচের গুড লেনথের বলে খোচা মেরে প্রথম স্লিপে সামির হাতে ধরা পড়েন তিনি। এরপর তামিম ও জুনায়েদের উইকেট শিকার করেন সামি। ইনিংসের ১২ তম ওভারে সামি পঞ্চম বল অফ স্ট্যাম্পের বাইরে ফেলে তামিমকে শট খেলতে প্রলুব্ধ করেন। তামিম সাড়া দিলে ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেট কিপারের হাতে। তবে বাজে শট খেলার খেসারত দেন জুনায়েদ। মিডল এবং অফ স্ট্যাম্পের মাঝের বলে বড় শট খেলতে গিয়ে প্রথম স্লিপে রেইফের হাতে ধরা পড়েন জুনায়েদ। আশরাফুল এই ইনিংসেও ব্যর্থতা ধরে রাখেন। পেসার সামির বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন। ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের যখন টালমাটাল অবস্থা ঠিক তখনই অধিনায়ক উইকেটে আসেন। জুটি বাঁধেন রকিবুলের সঙ্গে। তাকে পেয়ে রকিবুলও স্বস্তি পান। উইন্ডিজ পেসারদের সামাল দিয়ে এই জুটি জয়ের জন্য খেলতে থাকেন হাত খুলে। রকিবুল একটু রক্ষনাত্মক থাকলেও শুরু থেকেই আক্রমনাত্মক ব্যাটিং করেন সাকিব। পঞ্চম জুটিতে তারা দ্রুত রান তোলেন। প্রতি ওভারেই বদলে যায় ম্যাচের চেহারা। ওয়েস্ট ইন্ডিজের হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের পক্ষে। পরিস্থিতি দেখে স্বাগতিক দলের ক্রিকেটারদের মুখেও ফুটে ওঠে হতাশার ছাপ। ৭৪ তম বলে ডেভিড বার্নাডকে থার্ডম্যান অঞ্চল দিয়ে চার মেরে টেস্ট ক্যারিয়ারে প্রথম অর্ধশত পূর্ণ করেন রকিবুল। তখন সাকিবের রান ছিল ৪৬। নিজের তৃতীয় টেস্ট হাফ সেঞ্চুরি পূরণ করতে সাকিবেরও খুব বেশি সময় লাগেনি। কেমার রোচকে মিডঅফ ও কাভারের মাঝামাঝি দিয়ে চার হাঁকিয়ে পৌঁছে যান অর্ধশত রানে। ব্যাক্তিগত ৬৫ রানে পৌঁছানোর পরই সামির কাছে কট এবং বোল্ড হয়ে মাঠ ছাড়েন রকিবুল। ৮টি চার ও একটি ছয় দিয়ে সাজিয়েছেন নিজের ইনিংসটি। পঞ্চম উইকেট জুটিতে তারা যোগ করেন ১০৬ রান। যার মধ্যে রকিবুলের ৩৭ আর সাকিবের ৬৪। ষষ্ঠ উইকেটে ব্যাট করতে এসে মুশফিক ১২ রানে সামির বলে কট এবং বোল্ড হয়ে বিদায় নিলেও মাহমুদুল্লাহ জয়ের বার্তা নিয়েই মাঠ ছেড়েছেন। বাংলাদেশ অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত থেকে রান করেন ক্যারিয়ার সর্বোচ্চ ৯৬। ৯৭ বলে ১৩ চার ও এক ওভার বাউন্ডারি মিলিয়ে দারুণ এক ইনিংস খেলেন সাকিব। টেস্টে তার আগের সর্বোচ্চ স্কোরটিও ছিল ৯৬, গতবছর ঢাকায় শ্রীলংকার বিপক্ষে। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট আর ম্যাচে আট উইকেটের সঙ্গে দুই ইনিংসে ১১২ রান তুলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন অধিনায়ক সাকিব। সঙ্গে সিরিজ সেরার পুরস্কারটিও ওঠে তারই হাতে। বলতে গেলে তার নেতৃত্বেই প্রথম টেস্টটিও জিতেছে বাংলাদেশ। হাঁটুতে চোট পাওয়ার পর মাশরাফি তো নামে মাত্র অধিনায়ক ছিলেন সে ম্যাচে। ব্যাট হাতে ব্যর্থ হলেও নিজের পঞ্চাশতম টেস্টটি ঠিকই স্মরণীয় হয়ে থাকলো আশরাফুলের জন্য। যদিও মনের গভীরে রান না পাওয়ার চিনচিনে ব্যাথা অনেক দিনই নাড়া দেবে বাংলাদেশের সাবেক অধিনায়ককে। এর আগে সোমবার সকালে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২০৯ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসের পাঁচ রান মিলিয়ে স্বাগতিক দলের স্কোর দাঁড়ায় ২১৪। বৃষ্টির কারণে সোমবার এক ঘন্টা ৫০ মিনিট পর শুরু হয়ে চতুর্থ দিনের খেলা। আগের দিনের (রোববার) ৮ উইকেটে ১৯২ রান নিয়ে ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান বার্নাড (৬১ রান) ও টিনো বেস্ট (৪)। দুই ওভার এক বল খেলার পরই দলীয় ২০১ রানে এনামুলের বলে ক্যাচ আউট হন বার্নাড। করেন ৭৬ বলে ৬৯ রান। তিনি তার ইনিংস সাজান ৬টি চার ও ২টি ছয় দিয়ে। এরপর সাকিব ফিরিয়ে দেন টিনো বেস্টকে। চতুর্থ দিন মাত্র ১৭ রান যোগ করতেই বাকি দুই উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে ৭০ রান খরচ করে ৫ উইকেট নেন সাকিব। এনামুলের দখলে গেছে ৩টি। ১০টি উইকেটের ৯টিই নিয়েছেন স্পিনাররা। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ - ২৩৭ ও ২০৯ বাংলাদেশ - ২৩২ ও ২১৭/৬ (দ্বিতীয় ইনিংস- সাকিব ৯৬, রকিবুল হাসান ৬৫, সামি ৫৫/৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০৬০০ ঘ.