ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারের পাকিস্তান দলে ফিরে আসা অনিশ্চিত হয়ে পড়েছে। বুধবার লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে তিনি নাও বিবেচিত হতে পারেন।
আগামী সপ্তাহে দল সাজানোর আগে অধিনায়ক ইউনিস খান এবং কোচ ইন্তিখাব আলমের সঙ্গে আলাপ আলোচনা করে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক ওয়াসিম বারী শোয়েব আখতারের ফিটনেস পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন।
তিন ম্যাচ টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আগামী ৩১ জুলাই থেকে শুরু হওয়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী পাকিস্তান স্বাগতিক শ্রীলঙ্কাকে মোকাবেলা করবে।
বারী বলেন," সে (শোয়েব) আমাদের জানিয়েছিল মায়ের অসুস্থ হয়ে পড়ায় সে এই সময় আর ইসলামাবাদ ছাড়তে পারবে না।"
গত মাসে অনুষ্ঠিত টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপেও ৩৩ বছর বয়স্ক শোয়েব খেলতে পারেননি চর্ম রোগের কারণে। শেষ তিনি দু'মাস আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলেন।
গত সপ্তাহে অবশ্য শোয়েব বলেছিলেন, তিনি পুরো ফিটনেস ফিরে পেয়েছেন এবং আরও তিন/চার বছর দারুণ খেলতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/১৮১৪ঘ.
bdnews24