ওয়েলিংটন, জুলাই ০৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ভারতের বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএল খেলা কিউই ফাস্ট বোলার শেন বন্ড আগামী মাসে শুরু হওয়া শ্রীলঙ্কা সফরের জন্য নতুন করে নিউজিল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন। তবে এটা শুধু ওয়ানডে এবং টোয়েন্টি-টোয়েন্টি দলের জন্য, টেস্ট দলের জন্য নয়।
মাত্রই আইসিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা বন্ডকে নির্বাচকরা টেস্ট দলের জন্য বিবেচনা করেননি তার প্র্যাকটিসের অভাব থাকায়। তাকে তারা নিউজিল্যান্ড এ' দলের ভারত সফরের জন্য মনোনীত করেছেন। শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ চলার সময়ই নিউজিল্যান্ড এ' দল ভারতে খেলবে। এখানে খেলেই বন্ড সীমিত ওভারের ম্যাচের জন্য নিজেকে তৈরি করে নিতে পারবেন বলে কিউই নির্বাচকরা ভাবছেন।
মঙ্গলবার নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক গ্লেন টার্নার এক বিবৃতিতে বলেন," দলের অনেকেই শীতের ছুটিতে নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাই সুযোগটা কাজে লাগানোর জন্য উপমহাদেশের কন্ডিশনই আদর্শ কন্ডিশন।"
তিনি আরও বলেন," শেন বন্ডও ব্ল্যাক ক্যাপ দলে ফিরতে নিজের গতি বাড়ানোর ভালো একটা সুযোগ পাবে।"
১৫ সদস্যের টেস্ট স্কোয়াডে একমাত্র টেস্ট খেলার অভিজ্ঞতাহীন ক্রিকেটার অকল্যান্ডের উইকেটকিপার রিস ইয়ুংই। তিনি ব্রেন্ডন ম্যাকালামকে কভার দিতে দলে জায়গা পেয়েছেন।
প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেটে ভালো করায় আইসিএল এ খেলা সত্ত্বেও পেসার ড্যারিল টাফি টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন। ক্রেইগ কামিংকে স্পেশাল ব্যাটসম্যান হিসাবে রিজার্ভ রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২৩৩৪ঘ.
bdnews24