২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোই জবাব দিচ্ছেন মাশরাফিরা

কেসিংটন ওভালে সফরকারী বাংলাদেশ তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে ১৯৫ রানে অলআউট হয়ে গেলেও বল হাতে ভালোই জবাব দিচ্ছেন মাশরাফিরা। মাত্র ২২ ওভারে স্বাগতিকরা ৮২ রান তুললেও তাদের ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশী বোলাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৪( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- কেসিংটন ওভালে সফরকারী বাংলাদেশ তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে ১৯৫ রানে অলআউট হয়ে গেলেও বল হাতে ভালোই জবাব দিচ্ছেন মাশরাফিরা। মাত্র ২২ ওভারে স্বাগতিকরা ৮২ রান তুললেও তাদের ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশী বোলাররা। শুক্রবার শুরু হওয়া ম্যাচে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং বেছে নেয়। কিন্তু ক্যারিবীয় বোলারদের তোপের মুখে পড়ে ৬৩.৫ ওভারে মাত্র ১৯৫ রান তুলেই অলআউট হয়ে যায় তারা। ওপেনার তামিম ইকবাল রোচের বলে কট বিহাইন্ডের ফাঁদে পড়ার আগে ২৩ রান করেন। আরেক ওপেনার ইমরুল কায়েস ওই একই বোলারের বলে বোল্ড হওয়ার আগে করেন ২১ রান। ওয়ানডাউনে নামা জুনায়েদ সিদ্দিকী ২৯ রান করে আউট হয়ে যান অস্টিনের বলে উইকেটের পেছনে থমাসের হাতে ক্যাচ তুলে দিয়ে। এরপর রাকিবুল হাসান ২৬ রান করে বিদায় নেন। তবে বলতেই হবে এদিন সদ্য অধিনায়কত্ব হারানো মোহাম্মদ আশরাফুল ৫০ রানের এক দারুণ ইনিংস উপহার দেন। কিন্তু তিনিও আউট হয়ে যান রোচের বলে প্যাসকেলের হাতে ক্যাচ তুলে দিয়ে। দলের রান তখন ৭ উইকেটে ১৬৪। এরপর বাংলাদেশের টেলএন্ডাররা আর লড়াই করতে পারেনি। মুশফিকুর রহীম ৩ রানে এবং মাহমুদুল্লাহ রিয়াদ ১৪ রানে আউট হয়ে যান। শেষদিকে এসে মাশরাফি ২০ রান করলে দলীয় রান ১৯৫ রানে এসে দাঁড়ায়। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ এ' দলও বাংলাদেশী বোলারদের তোপের মুখে পড়ে। বাংলাদেশের পক্ষে শাহাদাতই প্রথম সাফল্য তুলে নেন ওপেনার পাওয়েলকে (৫) তুলে নিয়ে। উইন্ডিজদের দলীয় রান তখন ১৩। এরপরের ওভারেই অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা আঘাত হানেন। তিনি একইভাবে আরেক ওপেনার বারাথকে সাকিবের হাতে ক্যাচ বানিয়ে বিদায় করেন ব্যক্তিগত মাত্র ৪ রানে। তবে ওয়ানডাউনে নামা অধিনায়ক চট্টার্জুন ভালো খেলতে শুরু করেন। তিনি ৩৮ রানে অপরাজিত আছেন। কিন্তু মাশরাফি আবারও আঘাত হানেন উইন্ডিজ শিবিরে। এবার তিনি সিমন্সকে এলবিডাব্লুর ফাঁদে ফেলে বিদায় করেন। অন্যদিকে সাকিব আল হাসান তার ঘূর্ণি বলে তুলে নেন ক্রিরিকে। ফলে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ এ' দলের স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেটে ৮২ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/১৩৩২ঘ.