ঢাকা, জুলাই ০১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ক্রিকইনফো)- পেশাদার ক্রিকেটকে শেষ পর্যন্ত বিদায় জানিয়ে দিলেন মাইকেল ভন।
ইংল্যান্ডের সফলতম এই টেস্ট অধিনায়ক মঙ্গলবার এজবাস্টনে এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন। তার নেতৃত্বে ইংল্যান্ড ৫১টি টেস্ট খেলে ২৬টিতে জয় পায়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮ বছরের অ্যাশেজ জয়ের অপেক্ষার অবসান ঘটে ভনের নেতৃত্বেই, ২০০৫ সালে। একই বছর তার নেতৃত্বেই ইংল্যান্ড ৪০ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয় করে। শুধু তাই নয়, ২০০৪ সালে ভনের নেতৃত্বেই ইংল্যান্ড পরপর আটটি টেস্টে জয়ী হয়।
শুধু দলগত নয়, ভনের নিজের পারফরম্যান্সও ছিল নজরকাড়া। ১৮টি টেস্ট সেঞ্চুরির মালিক ভন প্রথম সেঞ্চুরিটি করেন অভিষেকেই।
২০০২-০৩ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ চলাকালীন ভন ছিলেন আইসিসি র্যাঙ্কিংয়ের বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই সিরিজে ভন ৬৩৩ রান করেন, যার মধ্যে তিনটি সেঞ্চুরি ছিল।
অবসরের ঘোষণায় ভন বলেন, "অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, এটাই আসলে সঠিক সময় ক্রিকেটকে বিদায় জানানোর। দেশের পক্ষে খেলা কিংবা অধিনায়কত্ব করাটা এতটাই গৌরবের যে এটা ছিল আমার জীবনের নেওয়া কঠিনতম সিদ্ধান্ত।"
তিনি বলেন, "আমি আমার জীবনের ১৬/১৭ বছর ক্রিকেট খেলেছি। আমি আমার সেরা খেলাটা খেলে ফেলেছি। তাই আমি তরুণদের সুযোগ দিতে চাই প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে। আমি চাই, তারা দেশের জন্য খেলতে প্রস্তুত হোক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমআই/১২৪০ ঘ.
bdnews24