ঢাকা, ২৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের ক্রিকেটারদের হতদ্যেম হয়ে পড়ারই কথা। সামনেই ওয়েস্ট ইন্ডিজে গুরুত্বপূর্ণ সফর। মঙ্গলবার বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে তাই সবার আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর ওপরে গুরুত্ব দিলেন মাশরাফি বিন মর্তুজা।
"আমাদের দরকার দলের মানসিক আত্মবিশ্বাসের উন্নতি। কারণ আয়ারল্যান্ডের সঙ্গে সর্বশেষ টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের সময় আমার মনে হয়েছে চাপের মধ্যে আমরা রান করতে পারি না। তবে আমি মনে করি আয়ারল্যান্ডের মতো ছোট দলের সঙ্গে যা-ই হোক না কেন, ঐ ধরণের পরিস্থিতিতে অন্য বড় দলগুলোর বিপক্ষেও আমরা অনেক রান করতে পারবো"--- বাংলাদেশ দল সম্পর্কে মাশরাফির বিশ্লেষণ।
বাংলাদেশের পঞ্চদশ অধিনায়ক হলেও পেসার হিসাবে তিনিই প্রথম পেলেন এই দায়িত্ব। যে দায়িত্ব পেয়ে 'নড়াইল এক্সপ্রেস দারুণ আনন্দিত, অভিভূত, "জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়াটা দারুণ সম্মানজনক ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হয়ে খুব ভালো লাগছে। আমার অধিনায়কত্ব করার তেমন অভিজ্ঞতা নেই। যদিও কিছু দিন আগে ঘরোয়া লিগে আমি আবাহনীকে নেতৃত্ব দিয়েছি। অবশ্য আমার সামনে অনুসরণ করার মতো কোনো আদর্শ অধিনায়ক নেই। তবে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার সময় আমি আট বছর ধরে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।"
ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়েতে নিজের প্রথম 'অ্যাসাইনমেন্ট'-এ ভালো খেলতে আশাবাদী মাশরাফি জানালেন, "আমি একটা-একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। আপাতত আমার লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ সফর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কয়েকটা ম্যাচে ভালো খেলতে পারলে জিম্বাবুয়ের সঙ্গে তা ভালো সাহায্য করবে আমাদের।"
সদ্য সাবেক হওয়া অধিনায়ক এবং ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বেরও প্রশংসা করলেন বাংলাদেশের নতুন অধিনায়ক, "বেশ কয়েকটা সফরে আশরাফুলের নেতৃত্বে আমরা ভালো খেলেছি। বড় দলগুলোর বিপক্ষে বেশ কিছু ক্লোজ ম্যাচও খেলেছি আমরা। আমি তার কাছে অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে সেটা অবশ্যই আমাদের কাজে আসবে।"
সেই সঙ্গে ক্রিকেটার আশরাফুলের প্রশংসাতেও মাশরাফি পঞ্চমুখ, "আমি আগেও বলেছি যে বাংলাদেশের জন্য আশরাফুল ভিন্ন কিছু। আপনারাই দেখুন না শচীন টেন্ডুলকার ভারতীয় দলে থাকলে কী হয়। তাদের দলের অনেকেই দারুণ অনুপ্রাণিত হয়। আশরাফুলও আমাদের কাছে টেন্ডুলকারের মতো। সে দলে না থাকলে আমরা অনেকেই বিষন্ন হয়ে পড়ি। কেউ কেউ তো আত্মবিশ্বাসই হারিয়ে ফেলে। আশরাফুল এমন এক ধরণের ক্রিকেটার যে ক্রিকেটের প্রত্যেক ফরম্যাটের সঙ্গেই মানিয়ে নিতে সক্ষম।"
আশরাফুলও নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ককে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের প্রতি শুভকামনা জানিয়ে রাখলেন, "আমি এখানে এসেছি জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক মাশরাফি ও সাকিবকে অভিনন্দন জানাতে। আশা করি টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হলেও ওয়েস্ট ইন্ডিজে আমরা খুবই ভালো খেলবো। ২০০০ সালে মাশরাফি আর আমি অনূর্ধ্ব-১৭ পর্যায়ের ক্রিকেটে একসঙ্গে খেলেছিলাম। তারপর থেকেই আমরা খুব ভালো বন্ধু। ও (মাশরাফি) আবাহনীকে প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছে। তার জন্যও এটা একটা ইতিবাচক দিক। যতদূর সম্ভব তাকে সাহায্য-সহযোগিতা দিয়ে যাব আমি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এএআর/২১৫২ঘ.
bdnews24