২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ নিয়ে বোর্ডপ্রধানদের সঙ্গে বৈঠক করবে পিসিবি

বিশ্বকাপ আয়োজনের অধিকার হারানোর পর একদিকে আইসিসির সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, অন্য দিকে চলছে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের 'কুটনৈতিক' প্রচেষ্টাও। আর সেই প্রচেষ্টার অংশ হিসেবে আগামী ৩ জুন দুবাইতে সহ-আয়োজক বাংলাদেশ, ভারত আর শ্রীলঙ্কার বোর্ডপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

করাচি, ২১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ আয়োজনের অধিকার হারানোর পর একদিকে আইসিসির সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, অন্য দিকে চলছে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের 'কুটনৈতিক' প্রচেষ্টাও। আর সেই প্রচেষ্টার অংশ হিসেবে আগামী ৩ জুন দুবাইতে সহ-আয়োজক বাংলাদেশ, ভারত আর শ্রীলঙ্কার বোর্ডপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট। আইসিসির সদর দপ্তরে অনুষ্ঠেয় এই বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি ডেভিড মরগ্যানও উপস্থিত থাকবেন বলে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে জানিয়েছেন বাট। ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালসহ পাকিস্তানে আয়োজিত ম্যাচগুলো নিরাপত্তাজনিত কারণে আয়োজক অন্য তিন দেশে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর লাহোরের একটি আদালতে এর বিরুদ্ধে মামলা করেছে পিসিবি। আবার সেই সঙ্গে কুটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এরই মধ্যে শ্রীলঙ্কা ও ভারত সফর করেছেন বাট। এরই ধারাবাহিকতায় আয়োজন করা হচ্ছে ৩ জুনের বৈঠকটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৫১ ঘ.