কেপটাউন, ১৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবারো সেই ব্যাট-বলের রোমাঞ্চকর লড়াই, ক্রিকেট মাঠ থেকে শুরু করে টিভি দর্শকদের মনের পরতে-পরতে উত্তেজনা ছড়িয়ে পড়ার উপলক্ষ! গত বছর ক্রিকেট দুনিয়াকে মাতিয়ে দেয়া আইপিএলের দ্বিতীয় আসর শুরু হচ্ছে শনিবার থেকে। তবে ভারতে নয়, নিরাপত্তাজনিত কারণে দক্ষিণ আফ্রিকা এবারের আইপিলের আয়োজক। উদ্বোধনী দিন বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস। রাত সাড়ে ৮টায় বর্তমান চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স।
৮টি দলের (বাকি চার দল দিল্লী ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, ডেকান চার্জার্স ও কলকাতা নাইট রাইডার্স) অংশগ্রহণে, ৫৯ ম্যাচের এই টুর্নামেন্ট আয়োজন ভীষণ দুরূহ হয়ে পড়েছিল আইপিএল কর্তৃপক্ষের জন্য। লোকসভা নির্বাচনের কারণে ভারতের বেশ কয়েকটা রাজ্য নিরাপত্তা দিতে রাজি হয়নি তাদের। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। জাঁকজমকপূর্ণ, কোটি কোটি ডলারের টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টটা সব বাধা পেরিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বলে আইপিএল চেয়ারম্যান ললিত মোদি দারুণ উচ্ছ্বসিত, "তিন সপ্তাহের ভেতরে দক্ষিণ আফ্রিকায় ২০০৯ সালের আইপিএল আয়োজন ক্রীড়া বিশ্বের বিবেচনায় বেশ কঠিন কাজ ছিল। তাই সব মিলিয়ে সবকিছু যেভাবে এগিয়েছে তাতে আমি খুশি।" সেই আনন্দের পাশাপাশি টুর্নামেন্ট জুড়ে গ্যালারি ভরা দর্শকও আশা করছেন তিনি, "প্রত্যেক ম্যাচে স্টেডিয়াম ভরা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত টিকেট বিক্রির সংখ্যাটা আমি জানি না। তবে আমি মনে করি প্রতি ম্যাচেই ভেন্যুগুলো ৯০ শতাংশ ভরে যাবে।"
ললিত মোদি এবং তার সতীর্থদের জন্য সুখবর, টিকেট বিক্রির হার খুবই ভালো। কতটা ভালো বৃহস্পতিবার সেই তথ্য দিয়েছেন ডারবানের ভেন্যু কিংসমিডের প্রধান নির্বাহী কাসিম ডকরাট, "টিকেট বিক্রি ভালোমতোই হচ্ছে। শুরুতে মাত্র প্রথম পাঁচটি ম্যাচের টিকেট বিক্রি করা হয়েছে। বাকিগুলোর বিক্রি শুরু হয়েছে বুধবার থেকে। এবং আমরা সম্ভবত ইতিমধ্যেই প্রথম পাঁচটি ম্যাচের প্রত্যেকটির গড়ে অর্ধেকের মতো টিকেট বিক্রি করে ফেলেছি।"
অর্থাৎ এবারের আইপিএল নিয়ে দক্ষিণ আফ্রিকানদের মধ্যেও তুমুল উৎসাহ। যদিও তাদের মধ্যে একটা বড় অংশই ভারতীয় বংশোদ্ভূত। বাংলাদেশের কাছেও আইপিএলের দ্বিতীয় আসরের অমোঘ আকর্ষণ। বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মুম্বাই ইন্ডিয়ানসের সদস্য। সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে তো অনেক নাটকীয় ঘটনার জন্ম দিয়েই দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএল তাই দারুণ রোমাঞ্চকর এক টুর্নামেন্টের উপলক্ষ বয়ে এনেছে বাংলাদেশের মানুষের জীবনেও!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৪৮ঘ.
bdnews24