২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল হবে দক্ষিণ আফ্রিকা অথবা ইংল্যান্ডে!

তিন-তিন বার সূচী পরিবর্তন করেও কোনো লাভ হয়নি। লোকসভা নির্বাচনের জন্য ভারতীয় ক্রিকেট লিগ বা আইপিএল-এর দ্বিতীয় আসর ভারতে আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই আইপিএল ভারতের বাইরে আয়োজন করার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল-এর সম্ভাব্য আয়োজক হিসাবে শোনা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের নাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 12:56 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

মুম্বাই, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিন-তিন বার সূচী পরিবর্তন করেও কোনো লাভ হয়নি। লোকসভা নির্বাচনের জন্য ভারতীয় ক্রিকেট লিগ বা আইপিএল-এর দ্বিতীয় আসর ভারতে আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই আইপিএল ভারতের বাইরে আয়োজন করার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল-এর সম্ভাব্য আয়োজক হিসাবে শোনা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের নাম। ১৬ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ভারতের লোকসভা নির্বাচন। অন্যদিকে ১০ এপ্রিল শুরু হয়ে আইপিএল শেষ হওয়ার কথা ২৪ মে। আর এ নিয়েই যত ঝামেলা। ভারতের বেশ কয়েকটা রাজ্য নির্বাচনের জন্য আইপিএল কর্তৃপক্ষকে নিরাপত্তা দেয়ার অপরাগতার কথা জানিয়ে দিয়েছিল আগেই। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও আইপিএল-এর সূচী পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল। সেই অনুরোধ মেনে সূচীতে পরিবর্তন আনা হলেও শেষ পর্যন্ত ভারতের বাইরেই হতে যাচ্ছে আকর্ষণীয় টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টটি। রোববার এক সংবাদ সম্মেলনে বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর জানালেন সে কথাই, "সরকারের কারণে নিরাপত্তা পাওয়ার মতো অবস্থায় আমরা নেই। তাই টুর্নামেন্টটা ভারতের বাইরে সরিয়ে নিতে বাধ্য হচ্ছি আমরা। যে সব বোর্ড (টুর্নামেন্টটা আয়োজনের) আগ্রহ দেখিয়েছে তাদের সঙ্গে আমরা আলোচনা করছি।" সেই সঙ্গে সম্ভাব্য বিকল্প ভেন্যু হিসাবে ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার কথাও জানিয়েছেন তিনি। আগামী সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পাওয়া দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা বিসিসিআই-এর কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথা জানিয়ে বলেছেন, "ভারতের বাইরে এই টুর্নামেন্ট আয়োজনের কথা বিবেচনা করা বিসিসিআই-এর কাছ থেকে আজ (রোববার) সকালেই আনুষ্ঠানিক সাড়া পেয়েছি আমরা।" আগামী জুনে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া ইংল্যান্ড তো বিসিসিআই-কে যে কোনো ধরণের সাহায্য করতে রাজি। এ ব্যাপারে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাইলস ক্লার্কের মন্তব্য, "বিসিআই'র সঙ্গে আমাদের খুবই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কোনো ব্যাপারে তারা সাহায্য চাইলে আমরা স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে কথা বলবো। এবং সাধ্যমতো তাদের সাহায্য করতে পারলে আমরা খুশিই হবো।" তবে আইসিসি'র প্রেসিডেন্ট ডেভিড মরগ্যান আইপিএল ভারতের বাইরে আয়োজনের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন, "টুর্নামেন্টটা দক্ষিণ আফ্রিকায় হওয়ার গুঞ্জন শুনতে পাচ্ছিলাম আমি। এটা সত্যিই বিস্ময়কর খবর।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪৫ঘ.