২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই প্রথম কোনো ক্রিকেট দলের ওপরে হামলা

পাকিস্তানে হামলা নতুন কোনো ঘটনা নয়। কিন্তু ক্রিকেটারদের ওপরে হামলা পাকিস্তানে তো বটেই সারা বিশ্বেই কখনো কোথাও ঘটেনি! অবশ্য নিরাপত্তাহীনতার কারণে সেখানে ক্রিকেটের ক্ষতি কিংবা সফর বাতিল আগেও অনেক বার হয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনায় আর সবার মতো সারা ক্রিকেট দুনিয়াই স্তম্ভিত, বিস্মিত, ব্যথিত। এখানে পাকিস্তানে নিরাপত্তাহীনতার কারণে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হওয়া সংক্রান্ত ৫টি ঘটনা তুলে ধরা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 07:37 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

লাহোর, ৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে হামলা নতুন কোনো ঘটনা নয়। কিন্তু ক্রিকেটারদের ওপরে হামলা পাকিস্তানে তো বটেই সারা বিশ্বেই কখনো কোথাও ঘটেনি! অবশ্য নিরাপত্তাহীনতার কারণে সেখানে ক্রিকেটের ক্ষতি কিংবা সফর বাতিল আগেও অনেক বার হয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনায় আর সবার মতো সারা ক্রিকেট দুনিয়াই স্তম্ভিত, বিস্মিত, ব্যথিত। এখানে পাকিস্তানে নিরাপত্তাহীনতার কারণে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হওয়া সংক্রান্ত ৫টি ঘটনা তুলে ধরা হলো। ১. শ্রীলঙ্কার এবারের পাকিস্তান সফরটা আসলে এক ধরনের ক্ষতিপূরণ। ভারতেরই সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু গত নভেম্বরে মুম্বাইয়ে সহিংস আক্রমণে প্রায় ১৭০ জনের মৃত্যুর পর ভারত পাকিস্তান সফর বাতিল করে দেয়। তারপরই শ্রীলঙ্কা সেখানে যেতে হয়। প্রথমে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ৩টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলতে রাজি হয়েছিল। তবে পরে সফরটা নেমে আসে ২ টেস্ট ও ৩ ওয়ানডেতে। ২. শ্রীলঙ্কা আসার আগে পাকিস্তান প্রায় ১৪ মাস টেস্ট খেলার কোনো সুযোগ পায়নি। কারণ একটাই --- নিরাপত্তা না পাওয়ার আশঙ্কায় কয়েকটি দেশের সেখানে সফর বাতিল হয়ে যাওয়া। এই সময়টায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘরের মাঠে টেস্ট সিরিজ আয়োজনের চেষ্টা করলেও তা সফল হয়নি। ৩. গত এপ্রিলে অস্ট্রেলিয়া পাকিস্তান সফর বাতিল করার পর বাংলাদেশ সেখানে ৫টি ওয়ানডে খেলতে যেতে রাজি হয়। শুধু অস্ট্রেলিয়া সফরই নয়, সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস ট্রফিও পাকিস্তানে হতে পারেনি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশের আপত্তির কারণে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেজন্য এক বছরের জন্য ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করে। এরপর পাকিস্তান থেকেও সরিয়ে নেয়া হয় টুর্নামেন্টটা। চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত না নিলেও সোমবার আইসিসি জানিয়েছে সম্ভাব্য ভেন্যু হিসাবে জোহানেসবার্গ, দুবাই এবং আবুধাবির কথা বিবেচনা করা হচ্ছে। ৪. ২০০২ সালে নিউজিল্যান্ডের পাকিস্তান সফরের সময় করাচিতে এক ভয়ঙ্কর বোমা হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে ১১ জনই ফরাসি নৌবিশেষজ্ঞ। পার্ল কন্টিনেন্টাল হোটেলে থাকা নিউজিল্যান্ড দল সে সময় করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টেস্ট খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই কাছেই করাচি শেরাটনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। তার কিছুক্ষণ পরই সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড দল। ঐ ঘটনায় কোনো কিউই ক্রিকেটার আহত না হলেও দেশে ফিরে তারা আহত-নিহতদের সম্পর্কে যে সব বর্ণনা দিয়েছিলেন তা এক কথায় মর্মান্তিক। ৫. বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানও ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের সহ-আয়োজক। তবে গত মাসে আইসিসি তিন আয়োজক দেশ বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কাকে তাদের পরিকল্পনায় বিকল্প ভেন্যু রাখার পরামর্শ দিয়েছে। নিরাপত্তাজনিত সমস্যার কারণে পাকিস্তানে ম্যাচ আয়োজন করা সম্ভব না হওয়ার জন্যই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই পরামর্শ। সেই পরামর্শকে এখন বোধহয় শিরোধার্য বলে মনে হচ্ছে তিন আয়োজক দেশের। মঙ্গলবার লাহোরে যে জঘন্য ঘটনা ঘটলো, তার পরে আর কোনো ক্রিকেট দলের পাকিস্তানে যেতে রাজি না যাওয়ারই কথা! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৩৩৫ঘ.