কেপটাউন, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্যাক ক্যালিস-অ্যাশওয়েল প্রিন্সের পর এবি ডিভিলিয়ার্সেরও সেঞ্চুরি আর সেই সঙ্গে অভিষিক্ত অ্যালবি মরকেলের ফিফটিতে কেপটাউন টেস্টে রীতিমতো রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার ২০৯ রানের জবাবে প্রথম ইনিংসে ৬৫১ রান তুলেছে তারা।
৪৪২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনশেষে সফরকারীরা তুলেছে ২ উইকেটে ১০২ রান। স্বাগতিকদের দ্বিতীয়বার ব্যাট করাতেই এখনো ৩৪০ রানের প্রয়োজন তাদের।
ঠিক আগের সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দু টেস্ট জেতার পর শেষ টেস্টে হেরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। এবার মরা সিরিজের শেষ ম্যাচে ঠিক উল্টোটা ঘটানোর স্বপ্ন দেখানোর পথে শনিবার তাদের এগিয়ে নিয়েছেন ডিভিলিয়ার্স আর মরকেল। ১৯৬ বলে ৭টি ছক্কা আর ১২টি বাউন্ডারিতে সাজানো ডিভিলিয়ার্সের ১৬৩ আর ৭১ বলে ১০টি বাউন্ডারি ও একটি ছক্কায় মরকেলের ৫৮ রানের সুবাদেই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ স্কোরটি গড়েছে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ২০৯ ও তৃতীয় দিনশেষে ১০২/২ (হিউজেস ৩২, পন্টিং ১২, ক্যাটিচ ৪৪*, হাসি ১৩*; হ্যারিস ১/২৭, স্টেইন ১/৩২)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৬৫১ (ডিভিলিয়ার্স ১৬৩, প্রিন্স ১৫০, ক্যালিস ১০২, মরকেল ৫৮, আমলা ৪৬; জনসন ৪/১৪৮, ক্যাটিচ ২/৯, হিলফেনহস ২/১৩৩)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২২৯ ঘ.
bdnews24