২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের হারে আবাহনী এখন শীর্ষে একা

এতোদিন সমানে-সমান এগোচ্ছিল আবাহনী-বিমান। তবে বৃহষ্পতিবার আবাহনীর জয় এবং বিমানের হারে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অলরাউন্ড পারফরম্যান্সে বিকেএসপিকে ২৫ রানে হারিয়ে নবম ম্যাচে অষ্টম জয় পেয়েছে আবাহনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, ১২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এতোদিন সমানে-সমান এগোচ্ছিল আবাহনী-বিমান। তবে বৃহষ্পতিবার আবাহনীর জয় এবং বিমানের হারে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অলরাউন্ড পারফরম্যান্সে বিকেএসপিকে ২৫ রানে হারিয়ে নবম ম্যাচে অষ্টম জয় পেয়েছে আবাহনী। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিমানের বিপক্ষে জেতা ম্যাচ কঠিন করে জিতেছে মোহামেডান। দুই বল বাকি থাকতে ২ উইকেটে জিতেছে তারা। পঞ্চম জয় দিয়ে সুপার লিগের পথে অনেকটাই এগিয়ে গেছে প্রিমিয়ার লিগের শুরুতে বাজে অবস্থায় থাকা দলটি। বিকেএসপি দুই নাম্বার মাঠে এদিন খালেদ মাসুদ পাইলটের ক্যারিয়ারের প্রথম প্রিমিয়ার লিগ সেঞ্চুরি গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের বিপক্ষে সূর্যতরুণকে এনে দিয়েছে ৮ রানের জয়। এই জয় দিয়ে বিমানের সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে চলে আসলো তারা। সুপার লিগে খেলতে হলে এই ম্যাচ জিততেই হবে- এমন একটা সমীকরণই মোহামেডানের সামনে ছিল বিমানের মুখোমুখি হওয়ার আগে। কিন্তু টস জিতে বিমানের ব্যাটিংয়ের শুরুটা ভয়ই ধরিয়ে দিয়েছিল মোহামেডান শিবিরে। মাত্র ১৪.৪ ওভারে ৮৫ রানের ওপেনিং পার্টনারশিপ হয়ে যাওয়ার পর বিমান বিশাল সংগ্রহ দাঁড় করাবে বলে মনে হয়েছিল সনাত জয়াসুরিয়ারও, "আমি তো মনে করেছিলাম, বিমান ২৭৫ থেকে ৩০০ রান করবে।" ওপেনার নাজমুস সাদাত মাত্র ৭০ বলে আট বাউন্ডারি ও তিন ছক্কায় ৮০ রানের ঝড়ো ইনিংস খেলে দেওয়ার পরও বিমানের ৪৮.৫ ওভারে ২৩১ রানে অলআউট হওয়ার ব্যাখ্যাও আছে 'মাতারা হারিকেন' এর কথায়, "আমাদের বোলাররা পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। একারণেই আর বড় স্কোর গড়া হয়নি বিমানের।" এজন্যই সাদাতের ৮০ রানের পর বিমানের দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান এসেছে অধিনায়ক সানোয়ার হোসেনের ব্যাট থেকে। আর মোহামেডানের বোলিংয়ে ঘুরে দাঁড়ানোয় নেতৃত্ব দিয়েছেন দুই পেসার তারেক আজিজ ও ডলার মাহমুদ। ৩ উইকেট নিতে ডলারের ৫১ রান খরচ হলেও তারেক মাত্র ৩৬ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। পরে ম্যাচের শেষ বলে মোহামেডানের জয় নিশ্চিত করা ছক্কাটিও এসেছে ম্যাচ সেরার পুরস্কার জেতা তারেকের ব্যাট থেকেই। তবে যার ওপর খুব আশা করে ছিল মোহামেডান, সেই জয়াসুরিয়া দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ। বিকেএসপির বিপক্ষে ৯ রান করে রান আউট হওয়া এই শ্রীলঙ্কান তারকার অবদান এদিন মাত্র ২ রান। মাহবুবুল আলম রবীনের বলে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। শুরুতে তার উইকেট হারালেও অবশ্য একটা পর্যায়ে মোহামেডানের জয়টা কেবল সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। নাসিরুদ্দিন ফারুক (৩৮), নাদিমুদ্দিন মিন্টু (৫১), রকিবুল হাসান (২৭), শামসুর রহমান শুভ (২৮) ও ফয়সাল হোসেনদের (৩৮) ছোট্ট তবে কার্যকর ইনিংসগুলো জয়ের খুব কাছে নিয়ে যায় মোহামেডানকে। কিন্তু জয়ের জন্য যখন ২৯ বলে দরকার মাত্র ২২ রান এবং হাতে পাঁচটি উইকেট, তখনই জেতা ম্যাচ কঠিন করে জেতার শুরু। সাত বলের মধ্যে তিন তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে বিমান। এমনকি তাদের জয়ের আরো কাছে চলে যাওয়ার সুযোগও তৈরি হয়েছিল। জেতার জন্য যখন মোহামেডানের ৬ বলে ৭ রান দরকার, তখন বাঁ হাতি স্পিনার নাবিল সামাদের করা শেষ ওভারের প্রথম বলে সোহরাওয়ার্দী শুভ'র তোলা সহজ ক্যাচ ফেলে দেন শাহজাদা। এর তিন বল পরই নাবিলকে মারা তারেকের স্ট্রেট ছক্কা জয়ের আনন্দে ভাসায় মোহামেডানকে। তবে এভাবে শেষ ওভারে ম্যাচ জিততে চান না জয়াসুরিয়া, "আমাদের বোলিং-ফিল্ডিং ভালো হচ্ছে। তবে আরো কিছু কাজ করতে হবে। ব্যাটিংয়ের ফাইন-টিউনিং দরকার। ২০-২৫ রান করে আউট হয়ে গেলে হবে না। শেষ ওভারে ম্যাচ জিততে চাই না, আরো আগে জিততে হবে।" গত দুই ম্যাচে তেমন কিছু করতে না পারায় নিজে কিছু করার তাগিদও ধরা পড়লো তার কথায়, "আমি ব্যাটিং-বোলিং, দু'দিক দিয়েই চেষ্টা করছি। আমাদের ৫/৬ জন ব্যাটসম্যান থাকলেও তাদের ২/৩ জনই রান পাচ্ছে। কাজেই আমি কিছু করতে পারলে সেটা দলের কাজেই আসবে। তবে ছেলেদের আমি পরামর্শটা দেই। গত দুই ম্যাচে তাই করেছি। তাছাড়া মোহামেডানের সঙ্গে আমার সম্পর্ক তো আজকের নয়, ১৪ বছরের।" ফতুল্লায় বিকেএসপির বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামা আবাহনীর প্রথম সারির ব্যাটসম্যানরা সফল নন। এক ইমরান আহমেদই (৫৩) যা একটু রান করেছেন। তবুও ৫০ ওভারে তাদের ৬ উইকেটে ২৩০ রান তোলার কারণ তাদের অধিনায়ক মাশরাফি ঝড়ো ব্যাটিংই শুধু করেননি, ১৩৭ রানে ৫ উইকেট হারানোর পর নাদীফ চৌধুরীকে (৪৪ বলে ৪২) নিয়ে ৮৭ রানের একটা পার্টনারশিপও গড়েছেন। শেষপর্যন্ত ৪৪ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৫৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। পরে বিকেএসপিকে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২০৫ রানে বেঁধে রাখার ক্ষেত্রেও তার দারুণ ভূমিকা। ৩১ রান খরচায় ৩ উইকেট নেওয়ায় তার ম্যাচ সেরা হওয়া নিয়ে কোনো সন্দেহই ছিল না। তবে ম্যাচের সফলতম বোলার বলতে হয় আবাহনীর নাসির হোসেনকে। ৩৪ রানে ৪ শিকার এই অফস্পিনারের। শুরুতে বিপদে পড়লেও সূর্যতরুণ তা সামলে নেয় তৃতীয় উইকেটে হান্নান সরকার (৬০) ও খালেদ মাসুদের ১০২ রানের পার্টনারশিপে। মাসুদ অবশ্য শেষপর্যন্ত অপরাজিতই ছিলেন। ৬ উইকেটে ২৩৬ রান তুলে দলের ইনিংস শেষ হওয়ার সময় তার নামের পাশে ঠিক ১০০ রান, খেলেছেন ১৩৮ বল। ছয় বাউন্ডারির পাশাপাশি দুটো ছক্কাও আছে তার ইনিংসে। এটাই ম্যাচ সেরার পুরস্কার এনে দেয় তাকে। রান তাড়া করতে নামা গাজী ট্যাঙ্ক নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে এবং তাদের নামী ব্যাটসম্যানরাও কেউ সফল নন। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল যেমন মাত্র ৩ রান করে আউট হয়ে গেছেন। সর্বোচ্চ ৪৪ রান এসেছে প্রভঞ্জন মল্লিক ও মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে। গাজী ৯ উইকেটে ২২৯ রানের বেশি তুলতে পারেনি। নয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আবাহনী। তাদের ঠিক পরেই আছে বিমান ও সূর্যতরুণ। তাদের সংগ্রহ ১৪। গাজী ট্যাঙ্ক ও মোহমেডানের পয়েন্ট যথাক্রমে ১২ এবং ১১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২০ঘ.