২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইলের সেঞ্চুরি, ভালোই জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

অধিনায়ক ক্রিস গেইলের সেঞ্চুরি আর পঞ্চম উইকেটে শিবনারায়ণ চন্দরপল ও ব্রেন্ডন ন্যাশের ১৪৬ রানের জুটিতে পোর্ট অফ স্পেন টেস্টে ফলো অন এড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে উজ্জ্বল করেছে ১১ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সম্ভাবনাও। পাঁচ টেস্টের এই সিরিজের শেষ ম্যাচের তৃতীয় দিনশেষে ইংল্যান্ডের ৬ উইকেটে ৫৪৬ রানে ইনিংস ঘোষণার জবাবে স্বাগতিকরা তুলেছে ৪ উইকেটে ৩৪৯ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 07:55 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

পোর্ট অফ স্পেন, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিনায়ক ক্রিস গেইলের সেঞ্চুরি আর পঞ্চম উইকেটে শিবনারায়ণ চন্দরপল ও ব্রেন্ডন ন্যাশের ১৪৬ রানের জুটিতে পোর্ট অফ স্পেন টেস্টে ফলো অন এড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে উজ্জ্বল করেছে ১১ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সম্ভাবনাও। পাঁচ টেস্টের এই সিরিজের শেষ ম্যাচের তৃতীয় দিনশেষে ইংল্যান্ডের ৬ উইকেটে ৫৪৬ রানে ইনিংস ঘোষণার জবাবে স্বাগতিকরা তুলেছে ৪ উইকেটে ৩৪৯ রান। আগের দিনের এক উইকেটে ৯২ রান নিয়ে খেলতে নেমে দিনের শুরুতেই নাইটওয়াচম্যান ড্যারেন পাওয়েল (০) আর আগের টেস্টেই ২৯১ রানের ইনিংস খেলা রামনরেশ সারওয়ানকে (১৪) হারালেও অভিষিক্ত লেন্ডল সিমন্সকে নিয়ে চতুর্থ উইকেটে ৭৭ রান তুলে গেইল সামাল দিয়েছেন সেই বিপর্যয়। ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরিটি তিনি পূর্ণ করেছেন বিপজ্জনক একটি সিঙ্গেল নিয়ে। ওয়েইস শাহর মিসফিল্ডিংয়ের সুযোগ নিয়ে রানটা ঠিকই নিতে পারলেও ক্রিজে পৌঁছানোর পর হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় মাটিতে লুটিয়ে পড়েন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক। ওই চোট নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতেই বাধ্য হন তিনি, আর এর পর পরই মন্টি পানেসার সিমন্সকে (২৪) ফিরিয়ে দিলে ফলো অনের শঙ্কা পেয়ে বসেছিল তাদের। কিন্তু পঞ্চম উইকেটে চন্দরপল আর ন্যাশের দারুণ ব্যাটিং সারা দিনে আর কোনো বিপর্যয় হতে দেয়নি। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ন্যাশ ক্যারিয়ারের অষ্টম টেস্টে তার চতুর্থ হাফসেঞ্চুরি করে দিনশেষে অপরাজিত রয়েছেন ৭০ রান নিয়ে, আর সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক চন্দরপলের সংগ্রহ ৫৪। প্রথম টেস্টে জয়ের সুবাদে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। ১৯৯৮ সালের পর ক্যারিবিয়ানদের কাছে প্রথম সিরিজ হার এড়াতে হলে এই টেস্টে জিততেই হবে সফরকারীদের। সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড ১ম ইনিংস ৫৪৬/৬ ডিক্লে. (কলিংউড ১৬১, স্ট্রাউস ১৪২, প্রিয়র ১৩১*; বেকার ২/৭৭) ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : (৩য় দিনশেষে) ৩৪৯/৪ (গেইল ১০০, স্মিথ ২৮, পাওয়েল ০, সারওয়ান ১৪, সিমন্স ২৪, চন্দরপল ৫৪*, ন্যাশ ৭০*; পানেসার ২/৮৪, ব্রড ১/৪২, আমজাদ ১/৭৪) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৩৪৫ ঘ.