ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- হার দিয়ে প্রিমিয়ার লিগ শুরুর পর আবাহনীকে হারিয়ে জয়ের পথে ফেরা গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স আবারো পথভ্রষ্ট! প্রিমিয়ারে উঠেই বড় দলের স্বীকৃতি পেয়ে যাওয়া এই দলটি রোববার হয়েছে অঘটনের শিকার। ছোট দল ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) পাকিস্তানি ব্যাটসম্যান শাহবাজ বাটের হার না মানা দেড়শো ছাড়ানো এক ইনিংসের কাছেই শেষপর্যন্ত হার মেনেছে তারা। সিসিএস-এর জয়ের ব্যবধান ৫৩ রানের। দিনের অন্য দুই ম্যাচে সূর্যতরুণ ৯১ রানে সিটি ক্লাবকে এবং ওল্ড ডিওএইচএস ২৭ রানে হারিয়েছে বিকেএসপিকে।
নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা সিসিএসকে একাই টেনেছেন শাহবাজ। তার দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান যেখানে এসেছে শুভাগত হোমের ব্যাট থেকে, সেখানে শাহবাজের ব্যক্তিগত সংগ্রহ এর ঠিক চার গুণ। ১৬২ বলে ১৭ বাউন্ডারি ও দুই ছক্কায় ১৫৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। চলতি লিগের সর্বোচ্চ এই ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৫ রানের বিশাল এক সংগ্রহই দাঁড় করিয়ে ফেলে সিসিএস। এই রান তাড়া করে জিততে ওরকমই এক প্রান্ত আগলে রাখা এক ইনিংসের দরকার ছিল গাজী ট্যাঙ্কের । কিন্তু মোহাম্মদ মিথুন (৪৫), আনোয়ার হোসেন (৪১) ও প্রভঞ্জন মল্লিকরা (৫৫) তা করতে পারেননি। হতাশ করেছেন তাদের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও (২১)। তাই নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩২ রানের বেশি রান তুলতে না পারা গাজী ট্যাঙ্ককে দেখতে হয় তৃতীয় ম্যাচে দ্বিতীয় হারের মুখ। ম্যান অব দ্য ম্যাচ অবশ্যই শাহবাজ।
বিকেএসপিতে আরেক ম্যাচের সেরা হান্নান সরকারের ৭০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে সূর্যতরুণ ৯ উইকেটে তোলে ২৪১ রান। এই রান তাড়া করে ৪১.৪ ওভারে ১৫০ রানেই গুটিয়ে যায় সিটি ক্লাবের ইনিংস। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আনহুর নেওয়াজ (৫১) ও মেহরাব হোসেন জুনিয়রের (৫০) ফিফটিতে ৪৯.৫ ওভারে অলআউট ওল্ড ডিওএইচএস তোলে ২০৫ রান। পরে আবুল হাসান (৩/২৯) ও মনির হোসেনের (৩/৩৩) বোলিং বিকেএসপিকে ১৭৮ রানের বেশি তুলতে দেয়নি। ফিফটির পর বোলিংয়েও ৪২ রান খরচায় এক উইকেট পাওয়া মেহরাব হয়েছেন এই ম্যাচের সেরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৩৪ঘ.
bdnews24