ব্রিসবেন, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বৃষ্টি বাঁচিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। শুক্রবার ৫ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের জয়ের স্বপ্ন বৃষ্টিতেই ভেসে গেছে। ২২ ওভারে ১৬৯ রানের জয়ের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। সেটা তাড়া করতে নেমে বিপদে পড়া নিউজিল্যান্ড গুপটিলের ব্যাটে চেপে স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু অসময়ে বৃষ্টি হানা দিয়ে বসলে ১৪ ওভার শেষে ৬ উইকেটে ১২৩ রানে থমকে যেতে হয় তাদের। ম্যাচ সেখানেই শেষ। ফলে সিরিজ শেষ ২-২ সমতায়। সুবাদে চ্যাপেল-হ্যাডলি সিরিজের ট্রফি রয়ে গেল অস্ট্রেলিয়ার।
ম্যাচের আগের দিন মুষলধারে বৃষ্টি হয়েছে ব্রিসবেনে। শুক্রবারও হলো থেমে থেমে। তাই ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২২ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। ৩০ রান তুলতেই হারিয়ে বসে হোপস (৫), পন্টিং (২), ডেভিড হাসির (৬) উইকেট। কিন্তু ইনিংস ওপেন করতে নামা ব্র্যাড হ্যাডিন সে অবস্থাতেও ৪৩ বলে করে ফেলেন ফিফটি, ৬৫ বলে তিনটি ছয় ও পাঁচটা চারে ৮৮ রান করেও হার না মানায় ৪ উইকেটে ১৬৮ রান করে ফেলে অস্ট্রেলিয়া। অবশ্য হ্যাডিনকে ফার্গুসনও খুব ভালো সঙ্গ দিয়েছেন। মাইক হাসিও (৯) অল্পতে বিদায় নেয়ার পর এ দুজন মিলে পঞ্চম উইকেটে যোগ করেন ৯৮ রান, সেখানে ফার্গুসনের অবদান ৩৫ বলে ৫৫।
বোলিং সহায়ক কন্ডিশনে ২২ ওভারে ১৬৮-কে ভালো স্কোর বলতেই হবে। এমন কন্ডিশনে ব্যাট করা কত কঠিন কিউইরাও তা টের পেয়েছে শুরু থেকেই। ৬৮ রান তুলতেই চলে যায় ৫ উইকেট। ম্যাককালাম (২), ফুলটন (২২), টেলর (৪), ইলিয়ট (০) ও ব্র"মের (০) বিদায়ে ম্যাচ ঝুঁকে পড়ে অস্ট্রেলিয়ার দিকে। তবে মার্টিন গুপটিলের তখন পাল্লা কোনদিকে ভারী সেদিকে ভ্র"ক্ষেপ করার সময় কোথায়! ২৪ বলে ফিফটি করা এই ওপেনার ব্রেন্ডন ডিয়ামান্টিকে সঙ্গে নিয়ে দুরন্ত গতিতে ছুটতে শুরু করলে দেখতে দেখতেই ম্যাচে ফিরতে শুরু করে নিউজিল্যান্ড।
কিন্তু বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ৩৪ বলে ৩টি ছয় ও ৫টি চারে ৬৪ রান করে অপরাজিত থাকতে হয় গুপটিলকে, নিউজিল্যান্ডকে মেনে নিতে হয় সিরিজ জয়ের সুযোগ হারানোর বেদনা। অথচ আর ৬ ওভার খেলা হলে হয়তো ম্যাচ জিতে সিরিজও জিতে যেতো সফরকারীরা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতি অনুযায়ী অন্তত ২০ ওভার খেলা হলে ম্যাচের জয়-পরাজয় নির্ধারিত হতো। সেই সুযোগে ১৫৬ রান করতে পারলেই বিজয়ীর বেশে দেশে ফিরতে পারতো ড্যানিয়েল ভেট্টোরির দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/২১৫০ ঘ.
bdnews24