কিংস্টন, জ্যামাইকা, ৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয় উইকেটে ক্রিস গেইল ও রামনরেশ সারওয়ানের জুটিটা বিরাট --- ২০২ রানের। সেঞ্চুরিও করেছেন দুজনে। তবু প্রথম টেস্টে বিশাল লিড নেয়ার স্বপ্ন দেখতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার তৃতীয় দিনশেষে ৭ উইকেটে ৩৫২ রান করায় ইংল্যান্ডের চেয়ে স্বাগতিকরা এগিয়ে আছে ৩৪ রানে।
অথচ গেইল-সারওয়ান যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ দারুণ স্বস্তিতে ছিল ক্যারিবীয়দের ড্রেসিংরুম। ১ উইকেটে ১৬০ রান নিয়ে দিন শুরু করে তারা দলকে নিয়ে যান ২২০ রান পর্যন্ত। গেইল ক্যারিয়ারের নবম এবং 'হোমগ্রাউন্ড' স্যাবাইনা পার্কে প্রথম টেস্ট সেঞ্চুরিতে পৌঁছেছেন দারুণ রাজসিক ঢংয়ে। মন্টি পানেসারকে পরপর দুটো ছক্কা (দুটোই মিডঅন দিয়ে) হাঁকানোর পর ফাইন লেগে সুইপ করে তিন রান নিয়ে তিনি স্পর্শ করেছেন 'ম্যাজিক ফিগার'। কিন্তু তারপরই স্টুয়ার্ড ব্রডের বলে ক্যারিবীয় অধিনায়ক বোল্ড ! গেইলের ১৯৪ বলে ১০৪ রানের ইনিংসে ৫টা বিশাল ছক্কা ছাড়াও ছিল সমান সংখ্যক বাউন্ডারি।
অধিনায়ককে হারানোর ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটি আঘাত পেয়েছে স্বাগতিকরা। দুই বল পর জাভিয়ের মার্শালকেও (০) এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন ব্রড। তবে এই জোড়া ধাক্কাকে পেছনে ফেলে দ্বাদশ টেস্ট সেঞ্চুরিতে ঠিকই পৌঁছে গেছেন সারওয়ান। তার আগেই অবশ্য ৯১ রানের সময় পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
কিন্তু গেইলের মতোই সেঞ্চুরির পর সারওয়ানও বেশিক্ষণ টিকতে পারেননি। ১০ বাউন্ডারিতে ১০৭ রান করে তিনি বোল্ড হয়েছেন অ্যান্ড্রু ফ্লিনটফের বলে। সারওয়ানের পর দারুণ ফর্মে থাকা শিবনারায়ণ চন্দরপল (২০) ব্রডের তৃতীয় শিকারে পরিণত হলে লিড নেয়ার স্বপ্নে বিভোর হয়ে ওঠে ইংল্যান্ড। কারণ তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ২৫৪।
কিন্তু অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া ব্রেন্ডন ন্যাশ এবং উইকেট কিপার দীনেশ রামদিনের ৬৬ রানের জুটি ইংলিশদের সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি। ৩৫ রান করে রামদিন পানেসারের বলে স্লিপে ক্যাচ দিলেও দিনশেষে ন্যাশ ৪৭ রানে অপরাজিত। ১০ রান নিয়ে তার সঙ্গে আছেন সুলেমান বেন।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড ১ম ইনিংস : ৩১৮ (স্ট্রাউস ৭, কুক ৪, বেল ২৮, পিটারসেন ৯৭, কলিংউড ১৬, ফ্লিনটফ ৪৩, প্রায়র ৬৪, ব্রড ৪, সাইডবটম ২৬*, হার্মিসন ৭, পানেসার ০, অতিরিক্ত ২২; টেলর ৩/৭৪, এডওয়ার্ডস ০/৫৮, পাওয়েল ২/৫৪, বেন ৪/৭৭, গেইল ১/৪০)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৩৫২/৭ (গেইল ১০৪, স্মিথ ৬, সারওয়ান ১০৭, মার্শাল ০, চন্দরপল ২০, ন্যাশ ৪৭*, রামদিন ৩৫, টেলর ৮, বেন ১০*, অতিরিক্ত ১৫; সাইডবটম ০/৩৫, ফ্লিনটফ ২/৫৭, হার্মিসন ১/৪৯, ব্রড ৩/৬১, পানেসার ১/১২১, পিটারসেন ০/১৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬১৮ঘ.
bdnews24