২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত অতীত ভুলে যেতে চান আফতাব, শাহরিয়ার

জাতীয় দলে ফেরাই মূখ্য উদ্দেশ্য ছিল আফতাব আহমেদ, শাহরিয়ার নাফিসদের। ত্রিদেশীয় সিরিজেই সেই প্রত্যাশা পূরণ হওয়ায় খুব খুশি আইসিএল ফেরত এই দুই ক্রিকেটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দলে ফেরাই মূখ্য উদ্দেশ্য ছিল আফতাব আহমেদ, শাহরিয়ার নাফিসদের। ত্রিদেশীয় সিরিজেই সেই প্রত্যাশা পূরণ হওয়ায় খুব খুশি আইসিএল ফেরত এই দুই ক্রিকেটার। উচ্ছসিত আফতাব আহমেদ বলেন,'এই সিরিজেই জাতীয় দলে ফিরতে পারাটা আমার জন্য সত্যিই আনন্দের। বিসিবি কর্মকর্তাদের কাছে আমরা কৃতজ্ঞ, তারা আমাদেরকে মূল্যায়ন করেছেন। খেলার সুযোগ পেলে দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করবো।' আইসিএল-এ চলে যাওয়া এবং সে কারণে প্রায় এক বছর ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকাকে ক্যারিয়ারের দুঃসময় হিসেবেই অভিহিত করেন আফতাব আহমেদ। ওই ঘটনা মন থেকেই মুছে ফেলার ইচ্ছে আফতাবের। বিতর্কিত অতীত পেছনে ফেলে দেশের জন্য নিজেকে উজাড় করে দেয়ার ইচ্ছে আইসিএল ফেরত আরেক ক্রিকেটার শাহরিয়ার নাফিসের,'নির্বাচকদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার পরিশ্রমের মূল্যায়ন করেছেন। এখন থেকে আমার লক্ষ্য একটাই, দীর্ঘ দিন জাতীয় দলে টিকে থাকা এবং নিয়মিত পারফর্ম করা।' এদিকে নাফিস আর আফতাবকে অভিনন্দন জানাতে ভোলেননি জাতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান। তার মতে, সামর্থের প্রমাণ দিয়েই নাফিস এবং আফতাব দলে ফিরেছেন। বাকিদের নিয়ে ত্রিদেশীয় সিরিজে এই মুহূর্তের সেরা দলটাই দেয়া হয়েছে বলে জানান সাকিব। তবে মাশরাফির অভাবটা ভালোই অনুভব করছেন অধিনায়ক,'মাশরাফি ভাই থাকলে ভালো হতো, পেস বোলিং নিয়ে ভাবতে হতো না। এখন যারা আছেন তাদের অভিজ্ঞতা কম। বাকি সব ঠিক আছে।' ১৫ সদস্যের দলে জায়গা পেলেও একাদশে আফতাবের জায়গা নিশ্চিত হয়নি। আশারফুল বা রকিবুল ব্যাটিংয়ে ব্যর্থ হলেই কেবল আফতাবকে ডাকা হতে পারে বলে মনে করেন সাকিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২৩১০ ঘ.