২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের ক্যাম্পে শাহরিয়ার, অলক, আফতাব ও ধীমান

জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন আইসিএল ফেরত চার ক্রিকেটার শাহরিয়ার নাফিস, আফতাব আহমেদ, অলক কাপালি ও ধীমান ঘোষ। ত্রিদেশীয় সিরিজের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 04:59 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন আইসিএল ফেরত চার ক্রিকেটার শাহরিয়ার নাফিস, আফতাব আহমেদ, অলক কাপালি ও ধীমান ঘোষ। ত্রিদেশীয় সিরিজের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে তাদের। আইসিএল ফেরত ক্রিকেটারদের জন্য বিসিবির বেঁধে দেয়া ছয় মাসের মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে কোনো বাধা নেই তাদের। বিষয়টি মাথায় রেখেই শাহরিয়ার-আফতাবদের ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক দলে নেয়া হয়েছে বলেই শনিবার প্রধান নির্বাচক রফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,"জানুয়ারির আগে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। এ সময়ের মধ্যে অন্তর্র্বতীকালীন সময়ও পার করে ফেলবে তারা। তাই আগে থেকেই আন্তর্জাতিক ম্যাচের জন্য তাদের প্রস্তুত করা হবে।" শাহরিয়ার নাফিসদের ডাকার পেছনে আরেকটি যুক্তিও দেখিয়েছে রফিকুল আলম,"আগামী ছয়-সাত মাস আন্তর্জাতিক ক্রিকেটে খুবই ব্যস্ত সময় পার করতে হবে বাংলাদেশকে। টানা ম্যাচ খেলে ক্লান্ত হয়ে পড়তে পারে ক্রিকেটাররা। ইনজুরি সমস্যাও দেখা দিতে পারে। তাই বিকল্প ক্রিকেটার হাতে রাখতে হবে। সে কারণেই ২৬ জনকে ক্যাম্পে নেয়া হয়েছে।" তবে শাহরিয়ার নাফিসরা ফিরছেন এটা যেমন আশার কথা, এর পাশে হতাশার খবরও আছে। ত্রিদেশীয় সিরিজেও মাশরাফিকে পাচ্ছে না বাংলাদেশ। ফিজিও মাইকেল হেনরি নির্বাচকদের জানিয়েছেন, অনুশীলনে বল করলেও আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো শারীরিক অবস্থা ফিরে পেতে আরো কিছুটা সময় লাগবে মাশরাফির। তাই তার বিকল্প হিসেবে তরুণ পেসার শফিউল ইসলাম এবং রবিউল ইসলামকে ক্যাম্পে ডাকা হয়েছে। বলতে গেলে গত তিন বছর ধরে 'এ' এবং একাডেমি দলের হয়ে খেলছেন এই দুজন। তামিম ইকবালকে নিয়েও সংশয়ে আছেন নির্বাচকরা। হাতের হাড়ে সূক্ষ্ম চিড় থাকায় ফিজিওর অনুমতি ছাড়া ব্যাটিং প্র্যাকটিসও করতে পারবেন না জাতীয় দলের নির্ভরযোগ্য এই ক্রিকেটার। ওদিকে কাঁধে চোট থাকায় তিন জাতি সিরিজে উইকেটকিপিং করতে পারবেন না মুশফিকুর রহিম। আরেক নির্বাচক আকরাম খান জানালেন, এ অবস্থায় আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা আছে বলে সুযোগ পেয়ে গেছেন ধীমান ঘোষ। । এদিকে জাতীয় দলে ডাক পাওয়ায় স্বভাবতই শাহরিয়ার নাফিস খুশি, বললেন,"এক বছর হলো আন্তর্জাতিক ক্রিকেট খেলিনা। ক্যাম্পে ডাক পাওয়ায় বেশ ভালো লাগছে। চেষ্টা করবো সেরা পারফর্ম্যান্স দিয়ে দলে জায়গা করে নিতে। এবার সম্ভব না হলে জাতীয় লিগে আরো ভালো খেলার চেষ্টা করবো। আমার বিশ্বাস নির্বাচকরা আমাকে বিবেচনায় নেবেন।" বর্তমান নির্বাচক কমিটির বিরুদ্ধেই বিমাতাসুলভ আচরণের অভিযোগ তুলে আইসিএল-এ যোগ দিয়েছিলেন শাহরিয়ার নাফিস। নির্বাচকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও এনেছিলেন। অথচ সেই নির্বাকরাই শাহরিয়ার নাফিসকে জাতীয় দলের জন্য আবার বিবেচনায় নিয়েছেন। এ প্রসঙ্গে নিজের ভুলই স্বীকার করে নিলেন শাহরিয়ার নাফিস,"তখন না বুঝে অনেক কথা বলেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি।" একই প্রসঙ্গে প্রধান নির্বাচক রফিকুল আলম তুলে আনলেন পেশাদারিত্বের কথা,"আমরা জাতীয় স্বার্থ দেখি। শাহরিয়ার নাফিস কি বলেছে তা মনে রাখার চেষ্টা করিনি। ও লিগে ভালো করেছে, তাই জাতীয় দলের জন্য বিবেচনায় এসেছে।" প্রাথমিক দলে আরো রয়েছেন- মাশরাফি বিন মোর্তুজা, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সৈয়দ রাসেল, জুনায়েদ সিদ্দিকী, মেহরাব হোসেন জুনিয়র, রকিবুল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন, নাইম ইসলাম, ইমরুল কায়েস, মাহবুবুল আলম রবিন, রুবেল হোসেন, সগীর হোসেন, ডলার মাহমুদ, শফিউল ইসলাম ও রবিউল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৫৫ ঘ.