২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটে খেলাঘরের প্রথম জয়

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে অষ্টম রাউন্ডে এসে প্রথম জয় পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। পারটেক্স স্পোটিং ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে তারা। শনিবার বাকি দুই ম্যাচে জয় পেয়েছে ভিক্টোরিয়া ও বিকেএসপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2009, 01:30 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে অষ্টম রাউন্ডে এসে প্রথম জয় পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। পারটেক্স স্পোটিং ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে তারা। শনিবার বাকি দুই ম্যাচে জয় পেয়েছে ভিক্টোরিয়া ও বিকেএসপি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩৭.১ ওভারে পারটেক্সকে ৯৮ রানে অল-আউট করে দেয় খেলাঘর। বিশ্বনাথ হালদার চারটি, মাসুম খান ও এনামুল হক দুটি করে উইকেট নেন। জবাবে আসলাম আলীর অপরাজিত ৪৮ ও নিয়াজ মোর্শেদের ৪১ রানের ইনিংস দুটো ২২.৪ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে দেয় টোয়েন্টি টোয়েন্টির আসরে সেমিফাইনালে উঠে তাক লাগানো খেলাঘরকে। বিকেএসপি মাঠে ভিক্টোরিয়া ৩০ রানে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে। ৫০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান করে ভিক্টোরিয়া। আরসালান মীর ৪৬ ও আরাফাত সালাউদ্দিন করেন ৪৯ রান। সৈয়দ রাসেল, রাশেদুল ইসলাম ও সিরাজুল্লাহ খাদেম দুটি করে উইকেট নেন। জবাবে নিজামউদ্দিন রিপন ৪৮ ও নাজমুল হোসেন ৪৭ রান করার পরও ১৬১ রানেই গুটিয়ে যায় ক্রিকেট কোচিং স্কুল। আরাফাত সালাউদ্দিন ও তারিকুল ইসলাম তিনটি করে আর মোহাম্মদ শরিফ দুটো উইকেট নিয়ে জয় এনে দেন ভিক্টোরিয়াকে। অন্যম্যাচে, ওল্ড ডিওএইচএসকে ৫ উইকেটে হারিয়েছে বিকেএসপি। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রুম্মান আহমেদ ৫৭ ও নূরুদ্দিন ফারুক ৪৬ রান করলে ১৫৮ রানের সংগ্রহ পায় ওল্ড ডিওএইচএস। ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন আসিফ আহমেদ। জবাবে সৌম্য সরকার ও তানভীর হায়দার ৪৯ রান করে এবং লিটন কুমার হার না মানা ২৬ রান করলে ৫ উইকেট আর ৯.৪ ওভার হাতে রেখেই ১৬০ রান তুলে ফেলে বিসেএসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯২৭ ঘ.