দুবাই, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে সিরিজ হারার প্রতিশোধ টোয়েন্টি টোয়েন্টি সিরিজে তুলে নিলো পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ও শেষ টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ রানে হারিয়েছে তারা, একই সাথে টানা সাতটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ জিতে দক্ষিন আফ্রিকার বিশ্ব রেকর্ডও স্পর্শ করেছে। পাকিস্তানের ছুঁড়ে দেয়া ১৫৪ রানের জবাবে ১৪৬ রানে থেমে গেছে ব্ল্যাক ক্যাপদের রানের চাকা। এই জয়ের মাধ্যমে টোয়েন্টি টোয়েন্টি সিরিজে কিউদের ২-০ তে হারাল পাকিস্তান।
দুবাইতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে পাকিস্তানকে ভালো একটা সূচনা উপহার দেন দুই ওপেনার ইমরান নাজির ও কামরান আকমল। ৪.৩ ওভারে তারা তোলেন ৪০ রান। ১১ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ে পাকিস্তান কিছুটা বিপদে পড়ে যায়। তবে উমর আকমলের ৪৯ বলে অপরাজিত ৫৬ ও শহীদ আফ্রিদির ১৭ বলে হার না মানা ২২ রানের সুবাদে শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৫৩ সংগ্রহ করে পাকিস্তান।
১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ব্রেন্ডন ম্যাককালাম ও স্কট স্টাইরিসের ৪২ বলে ৬৬ রানের জুটি নিউজিল্যান্ডকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। ম্যাককালাম ৪৭ রান করে দলীয় ১৩২ রানে বিদায় নেন। শেষ ওভারে প্রয়োজন পড়ে ১৮ রান। উমর গুলের প্রথম বলে ছক্কা মেরে খেলা জমিয়ে তোলেন স্টাইরিস। কিন্তু গুলের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পাঁচ বলে চার রানের বেশি তুলতে পারে নি ব্ল্যাক ক্যাপরা। তাই ৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
অন্যবদ্য অর্ধশতকের জন্য উমর আকমল ম্যাচ সেরা নির্বাচিত হন। শহীদ আফ্রিদি পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/ ১০৩২ ঘ.
bdnews24