ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত, শ্রীলংকাকে নিয়ে জানুয়ারিতে ঢাকায় ত্রিদেশীয় টুর্নামেন্ট হবে -- এটা বেশ আগেই নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাকি ছিল দিন তারিখ বেছে নেয়া। সেটাও হয়ে গেল। বিসিবি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪ জানুয়ারি শ্রীলংকা-বাংলাদেশ ম্যাচ দিয়ে মাঠে গড়াবে তিন জাতির এই ওয়ানডে টুর্নামেন্ট।
দিবারাত্রির এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে মিরিপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সূচি অনুযায়ী লিগ পর্বে প্রতিটি দল দুবার করে পরস্পরের মুখোমুখি হবে। পয়েন্টে এগিয়ে থাকা দুই দল সরাসরি ফাইনাল খেলবে ১৩ জানুয়ারি।
বাংলাদেশের সঙ্গে উদ্বোধনী ম্যাচ খেলার পরই ৫ জানুয়ারি ভারতের মুখোমুখি হবে শ্রীলংকা। মাঝে একদিনের বিরতি দিয়ে ৭ তারিখ বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। পরের দিন (৮ জানুয়ারি) বাংলাদেশের তৃতীয় ম্যাচ শ্রীলংকার সঙ্গে। ১০ জানুয়ারি ভারত-শ্রীলংকা এবং ১১ জানুয়ারি বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্বের খেলা।
টুর্নামেন্টে অংশ নিতে ১ জানুয়ারি ঢাকা আসবে শ্রীলংকা। পরের দিন (২ জানুয়ারি) আসবে ভারত।
ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষে শ্রীলংকা দেশে ফিরে গেলেও বাংলাদেশের সঙ্গে দু'টি টেস্ট খেলতে ঢাকায় থেকে যাবে ভারত। ১৭ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জানুয়ারি, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১২১ ঘ.
bdnews24