আবু ধাবি, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যাট হাতে ৭০ এবং বল হাতে ৪৬ রানে ২ উইকেট। শহীদ আফ্রিদির এমন অলরাউন্ড নৈপুণ্যে মঙ্গলবার আবু ধাবিতে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ১৩৮ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।
আফ্রিদির এমন নৈপুণ্যে অধিনায়ক ইউনিস খানও তাই মুগ্ধ," (আফ্রিদি) দারুণ এক পারফরমার। গত কয়েক বছর ধরে সে বল হাতে বেশ ভালো করছে। এখন সে ব্যাট হাতেও জ্বলে উঠেছে। এটা পাকিস্তানের জন্য সুখবর।"
টস জিতে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে। তবে কিউই ফাস্ট বোলার শেন বন্ডের বোলিং তোপে শুরুটা মোটেও ভালো ছিল না তাদের। উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট এবং ওয়ান ডাউনে নামা অধিনায়ক ইউনিস খান স্কোর বোর্ডে কোনও রান জমা না দিয়েই সাজঘরে ফিরে যান।
তবে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান খালিদ লতিফ ৬৪ রান করেন। কিন্তু মোহাম্মদ ইউসুফ ৩০ এবং উমর আকমল ৯ রান করে সাজঘরে ফিরে যান। এ সময় লতিফের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ১০১ রান যোগ করেন আফ্রিদি। ৪টি চার এবং ৩টি ছক্কার মারে ৫০ বলে ৭০ রান করা আফ্রিদি আউট হওয়ার পর উইকেট রক্ষক কামরান আকমল খেলেন ৬৭ রানের হার না মানা এক ইনিংস। ফলে পাকিস্তানের পক্ষে বড় সংগ্রহ গড়ে তোলা সম্ভব হয়।
জবাব দিতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককুলাম ২১ রানে উমর গুলের বলে বোল্ড হওয়ার আগে আরও দু'বার জীবন পান। গুলের বলেই তার দু দুটো ক্যাচ পাক ফিল্ডাররা ফেলে দিলে।
এর কিছু পরে মার্টিন গুপ্টিলকে ৪ রানে সাজঘরে ফিরিয়ে আবারও আঘাত হানেন গুল।
এরপর রস টেলর এবং স্কট স্টাইরিসও সহজ শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরলে নিউজিল্যান্ড ৫০ রানে ৪ উইকেট হারায়। তবে অ্যারন রেমন্ড (৫২) ও অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি (৩৮) পঞ্চম উইকেট জুটিতে ৬৯ রান যোগ করেন। কিন্তু শহীদ আফ্রিদি এসে পরপর দু বলে নিউজিল্যান্ডের ২ উইকেট তুলে নিলে বিশাল ব্যবধানেই পরাজয় মেনে নিতে হয় তাদের। কারণ কিউই টেল এন্ডাররা ভালো করতে না পারায় ১৪৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুক্রবার আবু ধাবিতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানের মাটিতে সিরিজটি খেলতে অস্বীকার করে নিউজিল্যান্ড। তাই সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া হয়। একই কারণে চলতি মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের হোম টেস্ট সিরিজটি শুরু হবে নিউজিল্যান্ডে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২৮৭/৯ (আফ্রিদি ৭০, কামরান ৬৭*, খালিদ ৬৪; ভেট্টরি ২/৩৪, বন্ড ২/৬১)
নিউজিল্যান্ড: ১৪৯ (রেমন্ড ৫২, ভেট্টরি ৩৮, ম্যাককুলাম ২১; আজমল ২/১৮, আফ্রিদি ২/৪৬, রাজ্জাক ২/৩৮, গুল ২/২৪)
ফলাফল: পাকিস্তান ১৩৮ রানে জয়ী।
সিরিজ: পাকিস্তান ১-০ তে এগিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৩৪৩ ঘ.
bdnews24