ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাকিব আল হাসানের দারুণ ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে গ্রামীনফোন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার কুয়াশার কারণে ৩১ ওভারে সীমিত শেষ গ্র"প ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে অলআউট করে দেওয়ার পর ২৩.৫ ওভারেই ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে নিয়েছে বাংলাদেশ। ৯২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত ছিলেন সাকিব।
১১ রানে তিন উইকেট হারানোর পর অধিনায়ক আশরাফুলের (২৬) সঙ্গে চতুর্থ উইকেটে ৯১ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথে নিয়ে গেছেন সাকিবই। মাত্র ৬৯ বলের এই ইনিংসে দুটি ছক্কা আর দশটি বাউন্ডারি মেরেছেন তিনি। এর আগে মাশরাফি বিন মর্তুজা (৩/২২) আর অভিষিক্ত রুবেল হোসেনের (৪/৩৩) তোপের মুখে ৩ বল বাকি থাকতেই শ্রীলঙ্কাকে ১৪৭ রানে অলআউট করে দেয় স্বাগতিকরা।
ম্যাচটি ৩১ ওভারে সীমিত হলেও বাইলজের জটিলতায় ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে জিততে হতো ২৪.৫ ওভারের মধ্যেই। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ায় এই ম্যাচে জয়ই যথেষ্ট ছিল না, প্রয়োজন ছিল বোনাস পয়েন্টও। সাকিবের দুর্দান্ত ব্যাটিং এনে দিয়েছে সেটাও। গ্র"প পর্বের দুটি করে ম্যাচ খেলে তিন দলই পেয়েছে একটি করে জয়, তবে জিম্বাবুয়ে কোনো বোনাস পয়েন্ট না পাওয়ায় তাদের সংগ্রহ ৪, বাংলাদেশ আর শ্রীলঙ্কা দুদলেরই পয়েন্ট ৫। শুক্রবারের ফাইনালে মুখোমুখি হবে এই দুদলই।
১৪৮ রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা কিন্তু হয়েছিল ভুলে যাওয়ার মতোই। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই প্রথম উইকেট হারিয়েছে তারা। তামিম ইকবালের সঙ্গে ভুলবোঝাবুঝিতে কোনো বল খেলার আগেই রান আউটের শিকার হয়েছেন তার ওপেনিং সঙ্গী জুনায়েদ সিদ্দিকী। মিড অন ফিল্ডারের হাতে বল তুলে দিয়ে অসম্ভব এক রানের জন্য দৌড়েই তামিম বুঝতে পেরেছেন ভুলটা, কিন্তু তিনি ফিরলেও ফিরতে পারেননি জুনায়েদ। পরে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে আরেকটি অবিশ্বাস্য ভুল বোঝাবুঝিতে নিজেও রানআউট হয়েছেন তামিম, তার আগে দুটি চমৎকার বাউন্ডারিসহ করেছেন ৯ রান।
তিন নম্বরে নামা উইকেটকিপার মুশফিকুর রহিম (১) এই দুই রানআউটের মাঝে নিজের উইকেটটি বিলিয়ে দিয়ে এসেছেন থিলন তুষারাকে। অফস্টাম্পের বাইরে পড়া বলটি স্লিপ আর উইকেটকিপারের মাঝখান দিয়ে বের করার চেষ্টা করেছিলেন তিনি, অনেকটা ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন সাঙ্গাকারা।
১১ রানে তিন উইকেট হারানোর পরই শুরু সাকিবের লড়াই। তার সঙ্গে চতুর্থ উইকেটে ৯১ রানের জুটিতে এমনিতে মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত আশরাফুলও ছিলেন ম্লান। এই জুটির প্রথম ৫০ রানে আশরাফুলের অবদান ছিল মাত্র ৬!
সকালে শ্রীলঙ্কার ইনিংসটাও গড়ে উঠেছে মূলত তৃতীয় উইকেটে সনাৎ জয়াসুরিয়া (৫৪) আর মাহেলা জয়াবর্ধনের (২৮) ৭১ রানের জুটির কল্যাণে। বাংলাদেশের পক্ষে অভিষেক ম্যাচেই ৩৩ রান দিয়ে চার উইকেট পেয়েছেন রুবেল হোসেন, তবে ৭ ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট পাওয়া মাশরাফিই প্রথম ধাক্কাটা দিয়েছিলেন শ্রীলঙ্কাকে।
কুয়াশা ভেজা মাঠ, তাই টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সিদ্ধান্তটা সঠিক প্রমাণ করতে একটুও সময় নেননি তার সহকারী মাশরাফি বিন মর্তুজা। নিজের প্রথম দুই ওভারেই উপুল থারাঙ্গা আর কুমার সাঙ্গাকারাকে বিদায় করে দিয়ে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন তিনি।
ম্যাচের তৃতীয় বলে, স্কোরবোর্ড নড়তে শুরু করার আগেই উপুল থারাঙ্গাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন মাশরাফি। তারপর নিজের দ্বিতীয় ওভারে দুর্দান্ত এক ইনসুইঙ্গারে উড়িয়েছেন সাঙ্গাকারার মিডল স্টাম্প। থারাঙ্গার মতো রানের খাতা খুলতে পারেননি তিনিও।
দ্বিতীয় স্পেলে ফিরে জয়াসুরিয়াকেও ফিরিয়েছেন মাশরাফিই। ক্যারিয়ারের ৬৭তম হাফসেঞ্চুরি করা জয়াসুরিয়া অবশ্য ফিরে যেতে পারতেন ২৮ রানেই, মাশরাফির বল তার ব্যাটের কানায় লেগে আকাশে উঠে গেলেও পয়েন্ট অঞ্চল থেকে দৌড়িয়েও রকিবুল হাসান তার নাগাল পাননি। ফলো থ্রুতে তারচেয়েও বেশি দূর দৌড়িয়ে শেষ পর্যন্ত মাশরাফি একাই ফিরিয়েছেন জয়াসুরিয়াকে। ৬৪ বলে ৫৪ রানের ইনিংসে ৭টি বাউন্ডারি মেরেছেন এই বাঁহাতি।
এর একটু আগেই অফ স্পিনার নাইম ইসলাম ভেঙেছেন শ্রীলঙ্কান ইনিংসের প্রাণ হয়ে ওঠা ওই জুটিটি। কোনো বাউন্ডারি ছাড়াই ৪৪ বলে ২৮ রান করার পর ছক্কা মারতে গিয়ে ডিপ মিডউইকেটে রুবেল হোসেনের হাতে ধরা পড়েছেন জয়াবর্ধনে ।
জয়াসুরিয়া-জয়াবর্ধনের বিদায়ের পরও শ্রীলঙ্কান ইনিংসটা আরো বড় হতে পারতো। ২১ ওভার শেষে ৪ উইকেটে ৯৫ রান তোলা সফরকারীরা যে শেষ দশ ওভারে ৬ উইকেট হাতে নিয়েও ৫২ রানের বেশি করতে পারেনি সেটা সম্ভব হয়েছে রুবেলের কল্যাণে। প্রথম স্পেলের দুই ওভারে ১২ রান দিয়ে কোনো উইকেট না পাওয়া এই ফাস্ট বোলার দ্বিতীয় স্পেলে পেয়েছেন থিলন তুষারা (২), অ্যানজেলো ম্যাথ্যুস (০), নুয়ান কুলাসেকারা (৫) আর অজন্তা মেন্ডিসের (০) উইকেট। তার ওই ধ্বংসযজ্ঞের মুখে ২৩ রানেই শেষ ৬ উইকেট হারিয়েছে এক পর্যায়ে ৪ উইকেটে ১২৪ রান তুলে ফেলা শ্রীলঙ্কা।
নির্বাচকরা আগের দিনই জানিয়েছেন, এই ম্যাচের বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আসছে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৩৮ রানে হেরে যাওয়া দলটি থেকে বাদ পড়ছেন মেহরাব হোসেন জুনিয়র আর নাজমুল হোসেন, তাদের জায়গায় দলে ফিরছেন মাহমুদউল্লাহ রিয়াদ আর অভিষেকের সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার রুবেল হোসেন।
নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৩০ রানে হারানো শ্রীলঙ্কার দলে কোনো পরিবর্তন নেই।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৩০.৩ ওভারে ১৪৭ (থারাঙ্গা এলবিডব্লু ব মাশরাফি ০, জয়াসুরিয়া ক ও ব মাশরাফি ৫৪, সাঙ্গাকারা ব মাশরাফি ০, জয়াবর্ধনে ক রুবেল বা নাইম ২৮, কাপুগেদারা ব মাহবুব ২৮, মুবারক রান আউট ১০, ম্যাথ্যুস ক মাশরাফি ব রুবেল ২, তুষারা ক মুশফিক ব রুবেল ০, কুলাসেকারা ক নাইম ব রুবেল ০, মুরালিধরন অপরাজিত ৬, মেন্ডিস ক আশরাফুল ব রুবেল ০, অতিরিক্ত ১৪; মাশরাফি ৭-১-২৫-৩, মাহবুব ৪-০-২৫-১, রুবেল ৫.৩-০-৩৩-৪, সাকিব ৬-০-২৪-০, নাইম ৬-০-২৪-১, মাহমুদউল্লাহ ২-০-১৩-০)
বাংলাদেশ: ২৩.৫ ওভারে ১৫১/৫ (তামিম রান আউট ৯, জুনায়েদ রান আউট ০, মুশফিক ক সাঙ্গাকারা ব তুষারা ১, আশরাফুল ক জয়াসুরিয়া ব কুলাসেকারা ২৬, সাকিব অপরাজিত ৯২, রকিবুল ক মুরালিধরন ব মেন্ডিস ৩, নাইম অপরাজিত ১২, অতিরিক্ত ৮; কুলাসেকারা ৬-১-৪৫-১, তুষারা ৪-১-১২-১, মেন্ডিস ৬.৫-০-৩৭-১, ম্যাথ্যুস ১-০-১২-০, মুরালিধরন ৬-০-৪০-০)
ফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : সাকিব আল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১২০৫ ঘ.
bdnews24