ঢাকা, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জিম্বাবুয়ের কাছে উদ্বোধনী ম্যাচে হেরে 'ফাইনাল' দূর কল্পনা হয়ে গেছে আগেই। তবুও বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রামীণফোন ট্রাই নেশন কাপের ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশ দলেরই একজন এটাকে 'ফাইনালের আগে আরেক ফাইনাল' হিসেবে দেখছেন! এটা ব্যাখ্যার দাবি রাখে নিশ্চয়ই। মাশরাফি বিন মর্তুজা সেই ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, "কালকের ম্যাচটাকে আমাদের ফাইনাল ধরে নিয়েই খেলতে নামা উচিত। কারণ এই ম্যাচ জিতলেই আমরা ফাইনালে।" সেক্ষেত্রে ১৬ জানুয়ারির ফাইনালে এই দু'দলেরই আবার দেখা হবে।
কিন্তু বিষয়টাকে এত্তো সরলীকরণ করে ফেললে তো আর চলছে না। জিম্বাবুয়েকে মাত্র ৮০ রানে গুটিয়ে দেওয়া মুত্তিয়া মুরালিধরন আর অজন্তা মেন্ডিসরা তো আর বসে থাকবেন না। আর বোলাররা ভালো কিছু করার পরও যে বাংলাদেশের ব্যাটসম্যানরা যে সব ধুলোয় লুটিয়ে দেবেন না, তারই বা কী নিশ্চয়তা। তারওপর জিম্বাবুয়ের কাছে হারের হতাশাজনিত প্রভাবও এতো সহজে বাংলাদেশ দলের গা থেকে খসে পড়ার কথা নয়। সবকিছু মিলিয়ে আশাবাদী হওয়ার পথে অনেক বাঁধা।
অবশ্য মাশরাফিদের তো আর আশাবাদী না হলে চলে না। সে কারণেই কিনা বাংলাদেশ দলের সহ-অধিনায়ক বলতে পারছেন, "আসলে প্রথম ম্যাচটায় অমন বাজেভাবে হারার পর সবাই খুব হতাশ ছিল। এরপর গত দু'দিনে আমরা প্র্যাকটিসে অনেক খেটেছি। আমি অন্তত আশাবাদী যে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচের শুরুটা ভালো হলে অবশ্যই আমাদের জেতার সুযোগ থাকবে।" কিন্তু জিম্বাবুয়ের কাছেও যারা হারে, তাদের এমন উচ্চাভিলাষী হওয়াতে মাশরাফি অন্তত দোষের কিছু দেখছেন না এজন্য, "এটা তো বলা যাবে না যে আমাদের সামর্থ্য নেই। অনেক ম্যাচে তো এই দলটাই ভালো খেলেছে। নিউজিল্যান্ডের সঙ্গে জিতেছিলাম। সেটি শুধু আমাদের দিন ছিল বলে নয়, আমাদের সামর্থ্যরে কারণেই জিতেছিলাম।"
ফাইনাল খেলতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে সামর্থ্যরে সর্বোচ্চ স্ফুরণই ঘটাতে হবে বুধবার। এই ম্যাচে বাংলাদেশ মেহরাব হোসেন জুনিয়র, এনামুল হক জুনিয়র ও নাজমুল হোসেনকে একাদশের বাইরে রেখে নামছে। যার অর্থ জিম্বাবুয়ে ম্যাচ ড্রেসিংরুমে বসে পার দেওয়া মাহমুদুল্লাহ রিয়াদ মাঠে নামছেন। আর তার সঙ্গে ওয়ানডে অভিষেক হচ্ছে পেসার রুবেল হোসেনের। লাসিথ মালিঙ্গার মতো অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্য যার নিকনেমই হয়ে গেছে 'মালিঙ্গা'।
মাশরাফি যে ভালো শুরুর কথা বলছেন, সেটা অনেকখানি তার ওপরও নির্ভর করে থাকবে। দলের মূল স্ট্রাইক বোলার মাশরাফি যেমন বলেছেন, "জিম্বাবুয়েল বিপক্ষে সিরিজ থেকেই দেখছি, ওদের টপ অর্ডার রান করতে পারছে না। জয়াসুরিয়া-থারাঙ্গা-সাঙ্গাকারা-জয়াবর্ধনের উইকেট যদি কালও আমরা দ্রুত তুলে নিতে পারি, তাহলে ওদের চেপে ধরা যাবে।" কিন্তু তার আগে নিজেদেরও তো চাপমুক্ত থাকতে হবে এবং সেই সঙ্গে জিম্বাবুয়ের কাছে হারের হতাশাও ঝেঁড়ে ফেলতে হবে। যেটা বাংলাদেশ পুরোপুরি পারবে বলে মনে করেন না শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও, "আমার মনে হয়ে ওই হারের কিছু প্রভাব ওদের মধ্যে থাকবেই। কারণ ওটা এমন একটা ম্যাচ ছিল যেটাতে তারা জয়ই আশা করেছিল। তবুও আমি নিশ্চিত যে এই ম্যাচে তারা নিজেদের মেলে ধরার সর্বোচ্চ চেষ্টাটাই করবে। কারণ এটা ওদের জন্য 'মাস্ট উইন' ম্যাচ।"
এই ম্যাচ জিতলে জিম্বাবুয়েকে পেছনে ফেলে বাংলাদেশই ফাইনালে যাবে কারণ প্রোসপার উতসেয়ার দল রানরেটে বেশ খানিকটা পিছিয়ে আছে। অথচ প্রথম ম্যাচটা জিতলেই আর এতোকিছূ ভাবতে হয় না। আর শ্রীলঙ্কা ম্যাচটাও তখন সত্যি সত্যিই ফাইনালের 'ড্রেস রিহার্সেল' হয়ে যায়!
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মাহবুবুল আলম রবীন এবং রুবেল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০০ঘ.
bdnews24