ঢাকা, ১০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মোহাম্মদ আশরাফুলকে কটাক্ষ করার সুযোগটা ছাড়লেন না প্রোসপার উতসেয়াও। দল যখন জেতার জন্য তার ব্যাটের দিকে তাকিয়ে, যখন দল তার কাছ থেকে দায়িত্বশীল একটা ইনিংস আশা করছে, তখনই বাংলাদেশ অধিনায়কের উইকেট ছুড়ে দিয়ে আসার প্রসঙ্গ উঠতেই জিম্বাবুয়ের অধিনায়ক বললেন, "হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী আশরাফুলের উচিত ছিল নিজেকে আরো মেলে ধরার। আন্তর্জাতিক ম্যাচ তো তিনি যথেষ্টই খেলে ফেলেছেন। তার নিজেরও এটা না জানার কথা নয়।"
বাংলাদেশ জিম্বাবুয়ের চেয়ে ভালো দল, বাংলাদেশ শিবির থেকে এমন দাবির যৌক্তিকতাও এখন প্রশ্নবিদ্ধ। এই ম্যাচের সেরা এলটন চিগুম্বুরা প্রকারান্তরে সেটাই বোধহয় বোঝাতে চাইলেন, "আজকে তো আমরা অবশ্যই তাদের চেয়ে ভালো দল। আর আজ যেভাবে খেলেছি, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমরাই ভালো দল হবো।"
বাংলাদেশের বিপক্ষে ৩৮ রানের জয় দিয়ে নতুন একটা মৌসুম শুরু করতে পারার আনন্দের মুহূর্তে উতসেয়া বললেন, "এমন বেশি কিছু করতে হয়নি আমাদের। আমরা শুধু বাংলাদেশের চেয়ে ক্রিকেটের বেসিকটা বেশি মেনে খেলেছি। জানতাম যে ম্যাচে আমরা বিপদে পড়তে পারি। তবে এলটন ঠান্ডা মাথায় খেলে স্কোরবোর্ডে জেতার মতো রান জমা করেছে। ওর ব্যাটিংয়ের পর মনে হয়েছে এই রান তাড়া করে জেতা ওদের পক্ষে কঠিন হবে। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যেমন বোলিং করেছিলাম, সেরকম করলে জিতবো বলেই মনে হয়েছিল আমাদের। সেটা আমরা করতে পেরেছিও।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১১০ঘ.
bdnews24