ঢাকা, ৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কামরুল ইসলামের বিধ্বংসী বোলিং ইস্পাহানি মির্জাপুর চা দশম জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডেতে জয় এনে দিয়েছে চট্টগ্রামকে। বুধবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এই পেসার ৪৭ রানে নিয়েছেন ৬ উইকেট, সুবাদে ২০৮ রানের টার্গেট তাড়া করতে নামা সিলেট অলআউট হয়ে গেছে ১৮০ রানে। চট্টগ্রাম পেয়েছে ২৭ রানের জয়।
বিকেএসপির দুই নাম্বার মাঠে নাসির হোসেন (৭৩*) ও শাহীন হোসেনের (৬৫) ফিফটিতে ঢাকার ১৮৭ রান অনায়াসেই টপকে গেছে বরিশাল। ৮ বল বাকি থাকতেই তারা তুলে নিয়েছে ৪ উইকেটের জয়। আর নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে খুলনার ১৬১ রান টপকাতে মাত্র ৩৮.৩ ওভার লেগেছে রাজশাহীর। যদিও তাদের হারাতে হয়েছে ৭ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২৩৫ঘ.
bdnews24