ওয়েলি ংটন, ৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে। শনিবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে তা জয় বঞ্চিত করতে পারেনি। এক বল হাতে রেখে নিউজিল্যান্ডকে নাটকীয়ভাবে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ উইকেটে হারিয়ে ৫ ম্যাচ সিরিজে ক্যারিবীয়রা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
টস জিতে ব্যাট করতে নেমে ২৮ ওভারে ৮ উইকেটে ১৫২ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। জেসি রাইডার সর্বোচ্চ ৩২ রান করলেও গ্র্যান্ট এলিয়ট (২৭ বলে অপরাজিত ৩০) ও জ্যাকব ওরামের (২৩ বলে ২৫) ব্যাট থেকে এসেছে দুটো আক্রমণাত্মক ইনিংস। ২৬ রানে ৩ উইকেট নেয়া ফিদেল এডওয়ার্ডস ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।
জবাবে রামনরেশ সারওয়ানের ৬৫ বলে অপরাজিত ৬৭, দীনেশ রামদিনের ১৮ বলে অপরাজিত ২৮ এবং অধিনায়ক ক্রিস গেইলের ৩১ বলে ৩৬ রানের সুবাদে ১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে ক্যারিবীয়রা। ম্যাচ-সেরা হয়েছেন সারওয়ান।
সিরিজের তৃতীয় ম্যাচ হবে আগামী বুধবার, ওয়েলিংটনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৪৫ঘ.
bdnews24