২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বয়সের প্রশ্ন ওঠায় বিরক্ত শচীন টেন্ডুলকার

'ফ্যাব ফোর'--- প্রতিপক্ষ বোলারদের ঘুম কেড়ে নেয়া ভারতের চার মহাতারকা ব্যাটসম্যানের উপাধি। কিন্তু শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় আর ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গড়া সেই 'ফ্যাব ফোর'ই এখন কিছুটা চাপের মধ্যে! গত মাসে শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে ব্যর্থতাই তার কারণ। চার জনই মধ্য তিরিশে পৌঁছে যাওয়ায় তাদের সামর্থ্য নিয়ে বিতর্ক আর গুঞ্জন পর্যন্ত উঠেছে ভারতের ক্রিকেটাঙ্গনে। শচীন টেন্ডুলকার এ নিয়ে বেশ বিরক্ত। অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন টেস্ট সিরিজে সতীর্থদের 'বয়সজনিত ইস্যু' নিয়ে মাথা না ঘামানোরই পরামর্শ দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ব্যাঙ্গালোর, ১৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'ফ্যাব ফোর'--- প্রতিপক্ষ বোলারদের ঘুম কেড়ে নেয়া ভারতের চার মহাতারকা ব্যাটসম্যানের উপাধি। কিন্তু শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় আর ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গড়া সেই 'ফ্যাব ফোর'ই এখন কিছুটা চাপের মধ্যে! গত মাসে শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে ব্যর্থতাই তার কারণ। চার জনই মধ্য তিরিশে পৌঁছে যাওয়ায় তাদের সামর্থ্য নিয়ে বিতর্ক আর গুঞ্জন পর্যন্ত উঠেছে ভারতের ক্রিকেটাঙ্গনে। শচীন টেন্ডুলকার এ নিয়ে বেশ বিরক্ত। অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন টেস্ট সিরিজে সতীর্থদের 'বয়সজনিত ইস্যু' নিয়ে মাথা না ঘামানোরই পরামর্শ দিয়েছেন তিনি। চার জনের মধ্যে এ মুহূর্তে সবচেয়ে বেশি চাপের মধ্যে আছেন সৌরভ। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন দিল্লীর বিপক্ষে সদ্য সমাপ্ত ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলে সুযোগ পাননি ভারতের সফলতম টেস্ট অধিনায়ক। বুধবার অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম দুই টেস্টের দল গড়ার জন্য মিটিংয়ে বসবেন ভারতের নির্বাচকরা। অনেকেরই আশঙ্কা, এই দলে সুযোগ না-ও পেতে পারেন 'প্রিন্স অব কলকাতা'। তবে যে-ই সুযোগ পাক বা দলের বাইরে থাকুক, টেন্ডুলকার তা নিয়েও মোটেও চিন্তিত নন। সোমবার ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট একাডেমীতে শুরু হয়েছে 'টিম ইন্ডিয়া'র প্রস্তুতি ক্যাম্প। প্রথম দিনের অনুশীলন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সতীর্থদের উদ্দেশে 'লিটল জিনিয়াস'-এর আহ্বান, "এটা ভারত বনাম অস্ট্রেলিয়ার সিরিজ। কোনো দলের নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে অন্য দলের কারো লড়াই নয়। আসল কথা হলো পারফর্ম করা। আর পুরো দলের সেটা করার দিকেই মনযোগ দেয়া উচিৎ। আমাদের শুধু নিজেদের পারফরম্যান্সের দিকেই মনোনিবেশ করতে হবে।" টেস্টে ব্রায়ান লারার সর্বোচ্চ রানের রেকর্ড থেকে মাত্র ৭৬ রান দূরে দাঁড়িয়ে থাকা টেন্ডুলকারের দল নির্বাচন সম্পর্কে অভিমত, "আমি ব্যাপারটা (দল নির্বাচন) অধিনায়ক, কোচ আর নির্বাচকদের ওপরে ছেড়ে দিচ্ছি। তাদের মনে নিশ্চয়ই কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে। আমাদের সেটা মেনে নিতেই হবে।" চার বছর আগে ভারতে ঠিক আগের সফরে টেস্ট সিরিজ জিতলেও (ভারতের মাটিতে সেটাই ছিল ৩৫ বছর পর অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট সিরিজ জয়) অস্ট্রেলিয়ার বর্তমান দলটিতে অভিজ্ঞতার অভাব যথেষ্ট। ওয়ার্ন-ম্যাকগ্রা-গিলক্রিস্ট-ল্যাঙ্গারদের অবসরের পর রিকি পন্টিংয়ের দলে এখন একাধিক নতুন মুখ। তবে বেশ কয়েক জন অনভিজ্ঞ ক্রিকেটার থাকলেও অস্ট্রেলীয়দের কঠিন প্রতিপক্ষ বলেই মনে করছেন টেন্ডুলকার, "দেশের মাটিতে অনেক ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে এমন খেলোয়াড় এখনো তাদের দলে আছে। এমন তো নয় যে যারা এখনো আন্তর্জাতিক ক্রিকেটে খেলেনি তারা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারবে না। তারা প্রচুর ক্রিকেট খেলেছে, আর এই তথ্যটাকে আমাদের সম্মান জানাতেই হবে। আর তাই মাটিতেই পা রাখতে হবে আমাদের।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪৫ঘ.