লাহোর, ২২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো কিছু দিন অপেক্ষায় থাকতেই হচ্ছে শোয়েব আখতারকে। অপেক্ষাটা পাকিস্তানের ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম রাউন্ডে তার খেলার সুযোগ পাওয়া সংক্রান্ত।
আবেদন করে পাঁচ বছরের নিষেধাজ্ঞাকে দেড় বছরে নামিয়ে আনলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আরোপিত জরিমানা থেকে শোয়েব মুক্তি পাননি। তার কাছ থেকে ৭০ লাখ রুপি জরিমানা আদায়ে পিসিবি দৃঢ় প্রতিজ্ঞ। অন্যদিকে শোয়েব এই জরিমানা দিতে অনিচ্ছুক। দু পক্ষের 'লড়াই' তাই গড়িয়েছে আদালতে। পিসিবি'র দাবী, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সবার আগে জরিমানার টাকা শোধ করতে হবে শোয়েবকে। এই দাবীতে লাহোর হাইকোর্টে মামলাও দায়ের করেছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সোমবার ছিল এই মামলার শুনানি। কিন্তু শোয়েবের আইনজীবি অনুপস্থিত থাকায় শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ হয়েছে ৩ অক্টোবর।
ঝামেলাটা এখানেই। ৪ অক্টোবর থেকে লাহোরে শুরু হবে টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তার আগে জরিমানা শোধ না করলে এই টুর্নামেন্টে শোয়েবকে খেলতে দিতে রাজি নয় বোর্ড। অর্থাৎ মামলার নিষ্পত্তি হতে হবে ৩ অক্টোবরের মধ্যে। অথচ সেদিনই মামলার শুনানি হওয়ার কথা। সব মিলিয়ে ইসলামাবাদ লেপার্ডের পক্ষে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'এর প্রথম রাউন্ডে খেলাটা এখন অনিশ্চয়তায় মধ্যে!
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০৫ঘ.
bdnews24