২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড সিরিজের দর নিয়েও হতাশা

গত কিছুদিন ধরেই নিয়মিত ঘটে আসছে ব্যাপারটা। কোনো সিরিজের জন্য দরপত্র আহবান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ন্যূনতম দর (ফ্লোর প্রাইস) বেঁধে দিচ্ছে কিন্তু আগ্রহী প্রতিষ্ঠানগুলো দর হাঁকাচ্ছে তার চেয়েও কম! অক্টোবরে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য দরপত্র আহবান করেও একই অভিজ্ঞতা হয়েছে বিসিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 04:15 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, ২১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গত কিছুদিন ধরেই নিয়মিত ঘটে আসছে ব্যাপারটা। কোনো সিরিজের জন্য দরপত্র আহবান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ন্যূনতম দর (ফ্লোর প্রাইস) বেঁধে দিচ্ছে কিন্তু আগ্রহী প্রতিষ্ঠানগুলো দর হাঁকাচ্ছে তার চেয়েও কম! অক্টোবরে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য দরপত্র আহবান করেও একই অভিজ্ঞতা হয়েছে বিসিবির। বৃহষ্পতিবার দরপত্র খুলে কর্মকর্তারা দেখেন একটি মাত্র প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং তারা ফ্লোর প্রাইসের চেয়ে অনেক কম দর দিয়েছে। এ কারণে শনিবার আবার তাদের নতুন দর নিয়ে আসতে বলা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী। তার দাবি আরেকটি প্রতিষ্ঠানও অংশ নিতে এসেছিল কিন্তু, "ওরা দেরি করে আসায় ওদের খামটা আমরা খুলেই দেখিনি।" যারা সময়মতো এসেছে, সেই অ্যাডটাচের প্রস্তাব হতাশাজনক বলেই মন্তব্য করেছেন সালমান, "আমরা তিনটি প্যাকেজে দরপত্র দিয়েছি। এরমধ্যে টাইটেল স্পনসরশিপের জন্য চেয়েছি কমপক্ষে ৮৫ হাজার ইউএস ডলার। আর অন্য দুটো প্যাকেজের জন্য যথাক্রমে ৫৫ ও ৩৫ হাজার করে। কিন্তু তারা ফ্লোর প্রাইসের চেয়ে কম দর দিয়েছে। একারণে শনিবার আবার তাদের নতুন প্রস্তাব নিয়ে আসতে বলা হয়েছে। সেটাও যদি সন্তোষজনক না হয় সেক্ষেত্রে অন্য ব্যবস্থা করা যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১০ঘ.