২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মুখরক্ষা করলেন জহির-ইশান্ত

১৯৮ রানে নবম উইকেট হারিয়ে ভারত তখন দিশেহারা। অন্যদিকে প্রতিপক্ষকে দু শ' রানের মধ্যে গুটিয়ে দেয়ার স্বপ্নে শ্রীলঙ্কা বিভোর। তবে স্বাগতিকদের সেই স্বপ্নে জল ঢেলে দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন ভারতের শেষ দুই ব্যাটসম্যান জহির খান ও ইশান্ত শর্মা। দু জনের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে কলম্বোতে শুক্রবার থেকে শুরু হওয়া তৃতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ২৪৯ রান করেছে ভারত। অজন্তা মেন্ডিস নিয়েছেন ৫ উইকেট। দিনশেষে শ্রীলঙ্কা ১৪ রান তুলতেই হারিয়ে ফেলেছে ওয়ার্নাপুরাকে (৮)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2008, 08:12 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

কলম্বো, ৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৮ রানে নবম উইকেট হারিয়ে ভারত তখন দিশেহারা। অন্যদিকে প্রতিপক্ষকে দু শ' রানের মধ্যে গুটিয়ে দেয়ার স্বপ্নে শ্রীলঙ্কা বিভোর। তবে স্বাগতিকদের সেই স্বপ্নে জল ঢেলে দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন ভারতের শেষ দুই ব্যাটসম্যান জহির খান ও ইশান্ত শর্মা। দু জনের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে কলম্বোতে শুক্রবার থেকে শুরু হওয়া তৃতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ২৪৯ রান করেছে ভারত। অজন্তা মেন্ডিস নিয়েছেন ৫ উইকেট। দিনশেষে শ্রীলঙ্কা ১৪ রান তুলতেই হারিয়ে ফেলেছে ওয়ার্নাপুরাকে (৮)। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া ভারতের শুরুটা কিন্তু খারাপ হয়নি। বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর উদ্বোধনী জুটিতে ৫১ রান এনে দিয়েছেন দলকে। তারপরই অভিষিক্ত দাম্মিকা প্রসাদের জ্বলে ওঠার সূচনা। শেবাগকে কট বিহাইন্ড করে স্বাগতিকদের ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি করে ম্যাচ-সেরা নির্বাচিত 'বীরু'র ব্যাট থেকে এসেছে মাত্র ২১ রান। পরের উইকেটটাও প্রসাদের। এবার তার শিকার রাহুল দ্রাবিড়। টিভি আম্পায়ারের সিদ্ধান্তে এলবিডব্লু হওয়ার আগে মাত্র ১০ রান রান করতে পেরেছেন 'দ্য ওয়াল'। দ্রাবিড় তা-ও দুই অংকের ঘরে যেতে পেরেছেন। শচীন টেন্ডুলকার তো সেটাও পারেননি! টেস্টে ব্রায়ান লারার সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙ্গার স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কায় যাওয়া 'এ যুগের ডন' আবারো ব্যর্থ। মাত্র ৬ রান করে প্রসাদের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন তিনি। এবং এই সিদ্ধান্তটাও এসেছে টিভি আম্পায়ারের মাধ্যমে! তাই প্রিয় বন্ধুর রেকর্ড থেকে ৯১ রান দূরে থেকে এক রাশ হতাশা নিয়েই ফিরতে হয়েছে টেন্ডুলকারকে। মধ্যাহ্ন-বিরতির সময় গম্ভীর ৫৭ ও সৌরভ গাঙ্গুলী অপরাজিত ছিলেন ২ রানে। তখন ভারতের স্কোর ৩ উইকেটে ১০৪ রান। দ্বিতীয় সেশনের শুরু থেকে আস্থার সঙ্গেই খেলছিলেন দু জনে। বিশেষ করে সৌরভ। মুরালিধরনকে লং অফের ওপর দিয়ে বিশাল ছক্কা মারা 'কলকাতার যুবরাজ' অবশ্য সেই ওভারেই একটা সুযোগ দিয়েছিলেন। কিন্তু স্লিপে দাঁড়ানো মাহেলা জয়াবর্ধনে ক্যাচটা ধরতে পারেননি। যদিও সুযোগটা কাজে লাগিয়ে বড় ইনিংস খেলতে পারেননি সে সময় ২৫ রানে থাকা সৌরভ। আর ১০ রান করে মুরালির বলে স্লিপে শ্রীলঙ্কার অধিনায়ককেই ক্যাচ দিয়েছেন তিনি। ভারতের সফলতম টেস্ট অধিনায়কের ৫৭ বলে ৩৫ রানের ইনিংসে ঐ ছক্কা ছাড়াও ছিল ৪টি বাউন্ডারি। এর পরই আসরে প্রবেশ প্রথম দুই টেস্টে ১৮ উইকেট নেয়া মেন্ডিসের। সেঞ্চুরির সৌরভ পেতে থাকা গম্ভীরকে এলবিডব্লু করেছেন তিনি। ১২৮ বলে ১০টি বাউন্ডারি সহ ৭২ রান এসেছে গম্ভীরের ব্যাট থেকে। চা-বিরতির ঠিক আগে ভিভিএস লক্ষ্মণকে (২৫) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে প্রতিপক্ষকে আরেকটি ধাক্কা দিয়েছেন মেন্ডিস। চা-বিরতির পরও তার ঘুর্ণি-জাদু থেমে থাকেনি। দীনেশ কার্তিকের বদলে সিরিজে প্রথম বারের মতো সুযোগ পাওয়া পার্থিব প্যাটেলকে (১৩) এলবিডব্লু করেছেন তিনি। এক বল পর অনিল কুম্বলে (১) মেন্ডিসের বলেই বোল্ড। হরভজন (৩) অবশ্য মুরালির শিকার। টেস্টের সর্বোচ্চ উইকেটের মালিককে উড়িয়ে মারতে চেয়েছিলেন 'ভাজ্জি'। কিন্তু টাইমিং ঠিক না হওয়ায় বল উঠে গেছে আকাশে। অনেকখানি দৌড়ে এসে ডিপ মিডউইকেট অঞ্চলে দারুণ দক্ষতার সঙ্গে বল তালুবন্দী করেছেন মাইকেল ভ্যানডর্ট। ৮ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ভারত তখন দু শ'র মধ্যে অলআউট হওয়ার আশঙ্কার সামনে দাঁড়িয়ে। কিন্তু সেই আশঙ্কা থেকে তাদের মুক্তি দিয়েছেন জহির ও ইশান্ত। দারুণ প্রত্যয়ের সঙ্গে ব্যাট করে প্রতিপক্ষ বোলারদের হতাশ করার পাশাপাশি দলকে একটা সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়েছেন দু জনে। কাকতালীয়ভাবে প্রথম উইকেটের মতো শেষ উইকেট জুটির অবদানও ৫১ রান এবং প্রথম ইনিংসে এটা যৌথভাবে ভারতের সর্বোচ্চ জুটি। শেষ পর্যন্ত জুটিটা ভেঙ্গেছে মেন্ডিসের গুগলিতে, জহিরের স্টাম্পিংয়ের ফাঁদে পড়ার মাধ্যমে। ৭৩ বলে ৩২ রানের দৃঢ়তাপূর্ণ ইনিংসে তিনটি বাউন্ডারি ছাড়াও মুরালিকে বিশাল এক ছক্কা মেরেছেন জহির। ইশান্ত শর্মা অপরাজিত ছিলেন ১৭ রানে। ৫৬ রানে ৫ উইকেট নেয়া মেন্ডিস শ্রীলঙ্কার সফলতম বোলার। এক ইনিংস বাকি থাকতেই সিরিজে তার সংগ্রহ ২৩ উইকেট। প্রসাদ ৩টি ও মুরালি নিয়েছেন ২ উইকেট। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮১০ঘ.