নয়াদিল্লি, ২৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়োজন একরকম শেষ করেই বসে আছে অথচ শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে পারবে কিনা এ ব্যাপারে নিশ্চিত হতে পারছিল না পাকিস্তান। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশয় দেখা দেয়ায় সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এ আয়োজন অন্য কোথাও সরিয়ে নেয়ার কথাও বিবেচনায় নিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির। তবে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির সব প্রতিযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে এক টেলিকনফারেন্সে আয়োজক চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। অন্য কোথাও নয়, সেপ্টেম্বরে পাকিস্তানেই বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আগামী ১১ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত করাচি, লাহোর আর রাওয়ালপিন্ডিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাগুলো।
আইসিসির এই সিদ্ধান্ত শুনে যেন হাঁফ ছেড়ে বেঁচেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আয়োজক হিসেবে সব কাজ মোটামুটি সারার পরও তীরে এসে তরী ডোবার কেলেঙ্কারি থেকে বাঁচানোর জন্য অবশ্য ভারতীয় বোর্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন নাসিম আশরাফ। এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান বলেন, "আইসিসির সব সদস্য, বিশেষ করে ভারতকে আমাদের সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। ঐক্য থাকা উচিত এবং ক্রিকেট বিশ্বে কোনো বিভাজন ঠিক নয় -- এ কথা মনে রেখে নেয়া (পাকিস্তানকে আয়োজক রাখার) সিদ্ধান্তটা সত্যিই অসাধারণ।'' নাসিম আশরাফ জানিয়েছেন আপাতত সবুজ সংকেত দিয়ে দিলেও আয়োজক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা নিশ্চিত করায় পিসিবি কতটা উদ্যোগী, নিরাপত্তার ঝুঁকি দূর করার মতো নিখুঁত পরিকল্পনা সামনে রেখে তারা কাজ করছে কিনা এসব আরও খতিয়ে দেখবে আইসিসি, " আইসিসির কাছে যেমন অঙ্গীকার করেছি ঠিক সেরকম নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। সব ঠিকঠাক চলছে কিনা তা দেখতে শিগগিরই (আইসিসির) একটি টাস্কফোর্স পাকিস্তান সফর করবে। টাস্কফোর্স সরকারের উচ্চ পর্যায়ের ব্যাক্তিদের সঙ্গেও দেখা করবে। যেহেতু আইসিসির সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন জেগেছে তাই আমরা সবার জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাই।"
এর আগে গত রোববার দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিযোগী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটা সভা হয়। সে সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসরে নিরাপত্তা নিশ্চিত করতে কী কী পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলো এবং চলতি মাসেই হয়ে যাওয়া এশিয়া কাপে নেয়া সকল নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে উপস্থিত প্রতিনিধিদের জানায়। তারপরও পাকিস্তানকেই আয়োজক হিসেবে রেখে দেয়া নিরাপদ কিনা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। বরং এশিয়া কাপ ফাইনালের রাতেই যে ইসলামাবাদে বোমা বিস্ফোরণ হয়েছে সে প্রসঙ্গ ওঠায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা পাকিস্তানের প্রস্তুতি সম্পর্কে মতামত জানাতে দ্বিধান্বিত হয়ে পড়েন। সে কারণেই বৃহস্পতিবারের এই টেলিকনফারেন্স এবং সমস্যার সমাধান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/২১০০ঘ.
bdnews24