২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের পোশাকের মান নিয়ে ভাবনায় বিসিবি

তাদের কারো কারো দেশের নামই হয়ে গিয়েছিল 'আংলাদেশ'! কারণ কয়েকবার ধোয়ার পর জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারেরই জার্সিতে লেখা 'বাংলাদেশ'- এর 'বি' অক্ষরটা খসে গিয়েছিল। পোশাকের নিম্নমানের প্রিন্টিংয়ের জন্য অনেককে নাম বিভ্রাটের মধ্যেও পড়তে হয়েছে। কারো নামের আদ্যাক্ষর নেই তো কারো নামের মধ্যাক্ষর। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পর এশিয়া কাপ খেলতে আবারো পাকিস্তানে গিয়ে একই অভিজ্ঞতা হয়েছে মোহাম্মদ আশরাফুলের দলের অনেকেরই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 04:56 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, ২১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তাদের কারো কারো দেশের নামই হয়ে গিয়েছিল 'আংলাদেশ'! কারণ কয়েকবার ধোয়ার পর জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারেরই জার্সিতে লেখা 'বাংলাদেশ'- এর 'বি' অক্ষরটা খসে গিয়েছিল। পোশাকের নিম্নমানের প্রিন্টিংয়ের জন্য অনেককে নাম বিভ্রাটের মধ্যেও পড়তে হয়েছে। কারো নামের আদ্যাক্ষর নেই তো কারো নামের মধ্যাক্ষর। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পর এশিয়া কাপ খেলতে আবারো পাকিস্তানে গিয়ে একই অভিজ্ঞতা হয়েছে মোহাম্মদ আশরাফুলের দলের অনেকেরই। জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার শফিকুল হক হীরা তাই একরকম বাধ্য হয়েই তার রিপোর্টে নিম্নমানের পোশাক নিয়ে অভিযোগ জানিয়েছেন বিস্তর। একারণেই জাতীয় দলের পোশাক নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপুকেও তাই গত কয়েকদিনে দফায় দফায় বেশ কয়েকটি পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে বসতে হয়েছে। এখানেই জাতীয় দলের জন্য 'ক্লদিং স্পনসর' এর প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। যেটি আগে ছিল পাকিস্তানভিত্তিক ইহসান স্পোর্টসের সঙ্গে। ওই চুক্তি শেষ হওয়ার পরে এর-ওর কাছ থেকে পোশাক বানিয়ে নেওয়ার বিষয়টাই চলে আসছে। এবং সেগুলো স্থানীয় সরবরাহকারীর কাছ থেকেই। 'ক্লদিং স্পনসর' এর প্রয়োজনীয়তা অনুভব করলেও ইহসানে আপত্তি আছে লিপুর, "ইহসানের সঙ্গে যেরকম চুক্তি ছিল সেরকম কিছু আবারো করতে আমরা আগ্রহী নই। তাছাড়া ইহসানের পোশাকও যে খুব ভালো ছিল তাও নয়।" স্থানীয় বাজারেই ভালো সরবরাহ দেওয়ার মতো প্রতিষ্ঠানের খোঁজ আছে জানিয়ে তিনি বললেন, "টিম অপারেশন্স ম্যানেজার তার রিপোর্টে পোশাকের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। এজন্য গত কয়েকদিনে অনেক প্রতিষ্ঠানের সঙ্গেই বসলাম। আশা করি এই সমস্যার সমাধান করা যাবে।" ম্যানেজার হীরাও আছেন সেই সমাধানের অপেক্ষাতেই, "বাংলাদেশের 'বি' নেই তো কারো নামের কোনো একটা অক্ষর মুছে গেছে - টেলিভিশনে একটি দেশের জাতীয় দলের জার্সির এই হাল কিছুতেই মেনে নেওয়া যায় না। গত দুটো সফরে পোশাক খুবই নিম্নমানের ছিল। রং উঠে যাওয়া থেকে শুরু করে দুর্বল প্রিন্টিং সর্বোপরি ফিনিশিং মোটেও মানসম্মত ছিল না। আমার রিপোর্টে তাই ছেলেদের জন্য মানসম্মত পোশাকের দাবি জানিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮২০ঘ.