ঢাকা, ২০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট কমিটির শীর্ষ নেতৃত্বে সাবেক ক্রিকেটারদের প্রতিনিধিত্ব বাড়ানো হয়েছে আরো। লে. কর্নেল (অব.) এমএ লতিফের পদত্যাগের পর চেয়ারম্যানের শূন্যপদে কিছুদিন আগে বসানো হয় অ্যাডহক কার্যনির্বাহী কমিটির নতুন সদস্য এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাকিল কাশেমকে। আরেক সাবেক জাতীয় ক্রিকেটার ইশতিয়াক আহমেদ আগে থেকেই এই কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। এবার স্ট্যান্ডিং কমিটিগুলোতে বেশকিছু রদবদল আনতে গিয়ে বিসিবি ভাইস চেয়ারম্যান বানিয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপুকেও।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানকে ডেভলপমেন্টের সঙ্গেও যুক্ত করে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিসিবির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেছেন, "বিসিবি মনে করেছে সাবেক অধিনায়ক হিসেবে খেলাটার উন্নয়নে দারুণ ভূমিকা রাখতে পারবেন লিপু। একারণেই এই সিদ্ধান্ত।" গত বুধবারের বোর্ডসভাতেই স্ট্যান্ডিং কমিটিগুলোতে রদবদল অনুমোদন করা হয়। অবশ্য সেই খবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হল রোববার। নাইকো দুর্নীতি মামলায় বর্তমানে কারাগারে থাকা সেলিম ভূইয়ার জায়গায় মেডিক্যাল কমিটিরও চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে লিপুকে।
মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলেন সেলিম। এবার তার জায়গা নিয়েছেন মিডিয়া ও লজিস্টিকস কমিটির চেয়ারম্যান ববি। আর টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে ববির জায়গায় এসেছেন লিপু। অ্যাডহক কমিটির নতুন সদস্য শাকিল কাশেম অন্তর্ভূক্ত হয়েছেন ওয়ার্কিং কমিটিতেও। আর পদত্যাগী লতিফের জায়গায় ওয়ার্কিং কমিটির নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন শফিকুর রহমান মুন্না। লতিফের জায়গায় ডিসিপ্লিনারি ও টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির চেয়ারম্যান করা হয়েছে যথাক্রমে ইশতিয়াক আহমেদ এবং মির্জা সালমান ইস্পাহানীকে। ক্রিকেট অপারেশন্স কমিটির সদস্য সচিব করা হয়েছে সাবেক জাতীয় ক্রিকেটার সেলিম শাহেদকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.
bdnews24