২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওভাল টেস্ট ড্র ঘোষণার প্রতিবাদে আইসিসি থেকে হোল্ডিংয়ের পদত্যাগ

দু'বছর আগের পাকিস্তান-ইংল্যান্ড ওভাল টেস্টকে ড্র ঘোষণা করে খানিকটা অস্বস্তিতেই পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এর প্রতিবাদে আইসিসির ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্টবোলার এবং ক্রিকেট ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 10:05 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

লন্ডন, ৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'বছর আগের পাকিস্তান-ইংল্যান্ড ওভাল টেস্টকে ড্র ঘোষণা করে খানিকটা অস্বস্তিতেই পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এর প্রতিবাদে আইসিসির ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্টবোলার এবং ক্রিকেট ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং। বৃহস্পতিবার দুবাইয়ে চলমান বার্ষিক সভায় ২০০৬ সালের ওভাল টেস্টকে 'ড্র' ঘোষণা করে আইসিসি'র নির্বাহী বোর্ড। পরের দিন স্কাই স্পোর্টস-এর হয়ে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে ধারা বর্ণনা দিতে গিয়ে হোল্ডিং জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তিনি আর আইসিসির সঙ্গে জড়িত থাকতে চান না। ৬০ টেস্টে ২৩.৬৮ গড়ে ২৪৯ উইকেট নেয়া সর্বকালের অন্যতম সেরা ফাস্টবোলার হোল্ডিং মনে করেন, ওভালের সেই বিতর্কিত ম্যাচটিতে পাকিস্তানের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগে তোলাটা ছিল অন্যায়, তবে খেলতে অস্বীকৃতি জানিয়ে পাকিস্তানও গ্রহণযোগ্য আচরণ করেনি। তার মতে, খেলতে অস্বীকার করায় পাকিস্তানের শাস্তি হওয়াটাই ছিল স্বাভাবিক এবং সেক্ষেত্রে 'ফোরফিট' ঘোষণা করা ম্যাচকে দু'বছর পর ড্র ঘোষণা করে আইসিসি ঠিক করেনি। নিজের এসব মত তুলে ধরে শুক্রবার হোল্ডিং জানান আইসিসি ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা তার চূড়ান্ত, "এইমাত্র আমি আইসিসি ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করার চিঠিটা লিখেছি। ওরা (আইসিসি) যা করেছে তার সঙ্গে একমত হতে পারছি না বলেই এ সিদ্ধান্ত নিয়েছি আমি। ওই ম্যাচটা কখনোই ড্র হতে পারে না। কোনো বিষয়ে আপনি যখন একটা ব্যবস্থা নেবেন তখন তার পরবর্তী প্রতিক্রিয়াটা আপনাকে সহ্য করতেই হবে। আজকাল এমন অনেক কিছুই ঘটছে যার সঙ্গে আমি জড়িত থাকতে চাই না, সে কারণেই সরে যাচ্ছি।" দুই বছর আগে ইংল্যান্ড-পাকিস্তান ওভাল টেস্টে জন্ম নিয়েছিল এক অভূতপূর্ব ঘটনা। বল ট্যাম্পারিংয়ের অভিযোগে ৫ রান জরিমানা করার প্রতিবাদে চতুর্থ দিন চা-বিরতির পর দল নিয়ে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন পাকিস্তানের তখনকার অধিনায়ক ইনজামাম-উল হক। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করেন সেই ম্যাচের আম্পায়ার ড্যারেল হেয়ার। টেস্ট ক্রিকেটের ১৩০ বছরের ইতিহাসে সেটাই কোনো ম্যাচ 'ফোরফিট' হওয়ার একমাত্র নজির। হেয়ারের ম্যাচ 'ফোরফিট' করে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করার সিদ্ধান্তের তখন তোলপাড় উঠেছিল ক্রিকেট-বিশ্বে। পিসিবি মেনে নেয়নি বিতর্কিত সিদ্ধান্তটা। তাদের প্রতিবাদের মুখে পুরো ঘটনা তদন্ত করতে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক রঞ্জন মাদুগালেকে অ্যাডজুডিকেটর হিসাবে নিযুক্ত করে আইসিসি। মাদুগালে ইনজামামকে চার ম্যাচের জন্য সাসপেন্ড করলেও বল ট্যাম্পারিংয়ের অভিযোগ থেকে মুক্তি দেন পাকিস্তানকে। সেই সঙ্গে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনেন হেয়ারের বিরুদ্ধে। ইনজামামকে শাস্তি ভোগ করতে হয়েছে ঠিকই, তবে হেয়ারও শাস্তির হাত রেহাই পাননি। সে বছর অর্থাৎ ২০০৬ এর নভেম্বরে টেস্ট ও সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এই অস্ট্রেলীয় আম্পায়ারের ওপরে। গত মার্চ থেকে অবশ্য ৬ মাসের পুনর্বাসন প্রক্রিয়ার ভিত্তিতে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের অনুমতি দেয়া হয়েছে হেয়ারকে। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫৫৮ ঘ.