সেন্ট জর্জেস, গ্রেনাডা, ৩০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক ক্রিকেটে এটাই শেন ওয়াটসনের প্রথম সেঞ্চুরি। আর সেই সেঞ্চুরির সুবাদে এক সঙ্গে দুটো লক্ষ্য পূরণ হয়েছে অস্ট্রেলিয়ার। রোববার তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে অতি সহজে ৭ উইকেটে হারানোর পাশাপাশি ৫ ম্যাচের সিরিজও জিতে নিয়েছে তারা। বিশ্ব চ্যাম্পিয়নরা ৩-০তে এগিয়ে যাওয়ায় সিরিজের বাকি দুই ম্যাচ পরিণত হয়েছে আনুষ্ঠানিকতায়।
২২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলীয়দের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের পঞ্চম বলেই শন মার্শকে (০) বোল্ড করে দেন ফিদেল এডওয়ার্ডস। কিন্তু দ্বিতীয় উইকেটে রিকি পন্টিং ও ওয়াটসনের ১৯০ রানের জুটি অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা দূর করার সঙ্গে সঙ্গে শেষ করে দিয়েছে ম্যাচের ফলাফল নিয়ে সব সংশয়ও। শেষ পর্যন্ত জুটিটা ভেঙ্গেছেন ক্রিস গেইল, পন্টিংকে জাভিয়ের মার্শালের ক্যাচ বানিয়ে। অস্ট্রেলিয়ার অধিনায়কের ৮৩ বলে ৬৯ রানের ইনিংসে বাউন্ডারি ৭টি।
তবে তার আগেই ১০৬ বলে সেঞ্চুরিতে পৌঁছে গেছেন ওয়াটসন। প্রায় ৬ বছর আগে ওয়ানডেতে অভিষেক হলেও ক্যারিয়ারের একটা বড় অংশ চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ম্যাথু হেইডেন চোটে আক্রান্ত হয়ে দেশে ফিরে না গেলে এই সিরিজেও খেলার সুযোগ পেতেন না তিনি। এত দিনের বঞ্চনা-হতাশাই যেন আগুন হয়ে জ্বলে উঠলো তার ব্যাটে, পোড়ালো ক্যারিবীয় বোলারদের। গেইলকে মিডউইকেট দিয়ে ত্রয়োদশ বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছানোর সময় একটা ছক্কা ছিল তার নামের পাশে। সেঞ্চুরির পর মেরেছেন আরো দুটি চার ও একটি ছক্কা। শেষ পর্যন্ত ড্যারেন স্যামির বলে রামনরেশ সারওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরার সময় তার নামের পাশে জ্বলজ্বল করছিল ১২৬ রান। ১২২ বলের দুর্দান্ত ইনিংসটার সুবাদে ওয়াটসনই ম্যাচের সেরা।
এর আগে গেইলের সৌজন্যে উদ্বোধনী জুটি ৮৬ রান এনে দিলেও ৪৮ ওভারে ২২৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৫৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৩ রান করা গেইলের রান আউটের মাধ্যমে স্বাগতিকদের পতনের সূচনা। মার্শাল (৩৫), চন্দরপল (৩২), সারওয়ান (৩১) ও রামদিন (২১) মোটামুটি অবদান রাখলেও ক্যারিবীয়দের সংগ্রহ সোয়া দু শ'ও ছাড়াতে পারেনি। ২৬ রানে ৩ উইকেট নেয়া ব্র্যাকেনই সেজন্য সবচেয়ে বেশি দায়ী। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন সাইমন্ডস (২/৪২)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭১৯ঘ.
bdnews24