২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনে অস্ট্রেলিয়াকে বাঁচালো সাইমন্ডসের ফিফটি আর বৃষ্টি

আগের দুটো টেস্টের মতো এবারও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের চাপে রেখেছেন উইন্ডিজ বোলাররা। বৃহস্পতিবার ফ্র্যাঙ্ক ওরেল ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে তাই মাত্র ২২৬ রান করতে পেরেছে অস্ট্রেলিয়া, অথচ এরইমাঝে হারিয়ে বসেছে ৭ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

বার্বাবোজ, ১৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের দুটো টেস্টের মতো এবারও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের চাপে রেখেছেন উইন্ডিজ বোলাররা। বৃহস্পতিবার ফ্র্যাঙ্ক ওরেল ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে তাই মাত্র ২২৬ রান করতে পেরেছে অস্ট্রেলিয়া, অথচ এরইমাঝে হারিয়ে বসেছে ৭ উইকেট। তবে অবস্থা যে আরো খারাপ হয়নি সেজন্য অ্যান্ড্রু সাইমন্ডস আর বৃষ্টিকে ধন্যবাদ দিতে পারেন রিকি পন্টিং। ১১১ রানে ৫ উইকেট হারানোর পর অ্যান্ড্রু সাইমন্ডস ফিফটি না করলে এবং তার বিদায়ের পর বৃষ্টি না নামলে প্রথম দিনে হয়তো অলআউটই হয়ে যেতো অস্ট্রেলিয়া। ৫৬.৪ ওভারে ২২টি চার আর ৫টি ছক্কায় ২২৬ রান -- কেনসিংটন ওভালের দ্রুত ও বাউন্সি উইকেটে ডোয়াইন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, জেরোম টেলরদের দাপটের জবাব পন্টিংরাও যে চোখে চোখ রেখেই দিচ্ছিলেন তা দিন শেষের স্কোর দেখেই বেশ বোঝা যায়। দু'মাস পর মাঠে ফেরা ক্রিস গেইল টস জিতে ফিল্ডিংয়ে নামার সঙ্গে সঙ্গেই পড়েছিলেন ফিল জ্যাক্স (৩১) আর সায়মন ক্যাটিচের আক্রমনের মুখে। তাদের উদ্বোধনী জুটি ১০.১ ওভারেই তুলে নেয় ৪৬ রান। তারপরই জেরম টেলরকে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে দেন জ্যাক্স। পন্টিং এলেন ঝড়ের মতো। ড্যারেন পাওয়েলের এক ওভারে দু'দুটো ছক্কা হাঁকালেও অস্ট্রেলিয়া অধিনায়ক অবশ্য রানের ঝড়টা বেশিক্ষণ চালাতে পারেননি। ২১ বলে ১৮ করার পরই তাকে এলবিডাব্লুর ফাঁদে ফেলেন টেলর। এরপর শুরু ব্রাভো-ঝড়। এডওয়ার্ডস, টেলরদের চেয়ে গতিতে পিছিয়ে থাকলেও বৈচিত্র্যে এগিয়ে থাকার সুবিধা ঝটপট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে ৭৫ থেকে ৪ উইকেটে ৯৬ বানিয়ে দেন ব্রাভো। মাইকেল হাসি (১২) হুক করতে গিয়ে ফাইন লেগে পাওয়েলের হাতে ক্যাচ আর মাইকেল ক্লার্ক (০) আউটসুইঙ্গারে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড -- ব্রাভো এই দুজনকে তুলে নিলে এডওয়ার্ডসও ব্যাটসম্যান-শিকারে নামেন ক্যাটিচকে (৩৬) গেইলের ক্যাচ বানিয়ে। ১১১ রানে আধাআধি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার তখন লেজেগোবড়ে অবস্থা। সে অবস্থা থেকে তাদের টেনে তুলেছে সাইমন্ডস-হ্যাডিনের ৮৭ রানের ষষ্ঠ উইকেট জুটি। হ্যাডিনকে (৩২) এলবিডাব্লু করে সুলেমান বেন জুটিটা ভাঙ্গার পর আবার মড়কের ইঙ্গিত দেখা গিয়েছিল। কিন্তু ৭৮ বলে ফিফটি করা সাইমন্ডসকে ফিরিয়ে এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার ব্রাভো ৩/৪৮) আশা জাগালেও বৃষ্টি বাধা হওয়ায় সে আশা পূর্ণ হয়নি। এ ম্যাচে টেস্ট অভিষিক্ত বু ক্যাসনকে (৬*) নিয়ে উইন্ডিজের সে আশা চূর্ণ করার লক্ষ্য নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ব্রেট লি (৭*)। ক্রিকইনফো'র সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৯৩১ ঘ.